১৭ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর

রাজনীতি
১৭ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
নিউজ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হওয়ার পর বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার বিকেলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান নিশ্চিত করেছেন বিষয়টি।

হাসপাতাল সূত্রে জানা যায়, নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আজ (সোমবার) তাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিকেল পৌনে ৫টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হাসপাতালের পরিচালক বলেন—

“ঘটনার দিন রাতেই আমরা একটি মেডিকেল বোর্ড গঠন করি। এরপর তাকে পর্যবেক্ষণে রাখা হয়। আইসিইউতে নেওয়া হয় এবং পরে ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়। পর্যাপ্ত চিকিৎসা শেষে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে।”

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এতে গুরুতর আহত হন নুরুল হক নুর, দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন নেতাকর্মী।

আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

গণঅধিকার পরিষদের একাধিক নেতাকর্মী নুরের সুস্থতা কামনায় সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। ছাড়পত্র পাওয়ার খবরে তারা স্বস্তি প্রকাশ করেন এবং পুনরায় রাজপথে আন্দোলনে সক্রিয় হওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।