খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী: ডা. তাহের

রাজনীতি
খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী: ডা. তাহের
নিউজ ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫

জামায়াতে ইসলামী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছে। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, বরং সমগ্র মানুষের নেত্রী হিসেবে সম্মানিত।

সোমবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হার্টের চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় ঢাকা-১৭ আসনে দলীয় প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ডা. তাহের বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য প্রয়োজন। ধৈর্য ও প্রজ্ঞা দিয়ে দেশকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিজের চিকিৎসার বিষয়ে তিনি জানান, কুমিল্লা থেকে ফেরার পথে বুকে ব্যথা অনুভব করলে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার হার্টে থাকা ব্লক অপসারণ করা হয়। “চিকিৎসকদের দক্ষতায় আমি এখন সুস্থ। তবে কিছুদিন বিশ্রামে থাকতে হবে,” বলেন তিনি।

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. তাহের বলেন, “তার সুস্থতা দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। জামায়াতের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা ও আরোগ্যের প্রার্থনা জানানো হচ্ছে।”