ইসির আশ্বাসে আজ স্থগিত ছাত্রদলের অবস্থান, সোমবার ফের অবস্থান কর্মসূচি

রাজনীতি
ইসির আশ্বাসে আজ স্থগিত ছাত্রদলের অবস্থান, সোমবার ফের অবস্থান কর্মসূচি
নিউজ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬

ব্যালট পেপার অনিয়ম, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিতর্ক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি আজকের মতো স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে পুনরায় কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রোববার (১৮ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, সকাল থেকে কয়েক হাজার ছাত্রদল নেতাকর্মী শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি পালন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, পোস্টাল ব্যালট ইস্যুতে নির্বাচন কমিশন তাদের আশ্বাস দিয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে। এছাড়া একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগ সম্পর্কেও ইসি অবগত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের প্রভাব যেন না পড়ে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

আজকের কর্মসূচি সাময়িকভাবে শেষ করার ঘোষণা দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সোমবার থেকে পুনরায় নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি চালানো হবে।

তিনি আরও বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় কোনো ধরনের ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ছাত্রদল বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে বেলা ১১টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা। পুলিশ ব্যারিকেডের সামনে ও সড়কের বিপরীত পাশে অবস্থান নেওয়ায় ওই এলাকায় সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে এবং বিকল্প পথে যানবাহন চলাচল করতে দেখা যায়।

ছাত্রদলের পক্ষ থেকে উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—পোস্টাল ব্যালট বিষয়ে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত বাতিল, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নির্বাচন কমিশনের স্বাধীন ভূমিকা নিশ্চিত করা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিতর্কিত প্রজ্ঞাপন প্রত্যাহার।