গুলশানে তারেক রহমানের গাড়িতে লাগানো খামটিতে কী ছিল

রাজনীতি
গুলশানে তারেক রহমানের গাড়িতে লাগানো খামটিতে কী ছিল
নিউজ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম সাঁটিয়ে দ্রুত পালিয়ে গেছে এক মোটরসাইকেল আরোহী। ঘটনার সময় তারেক রহমান বুলেটপ্রুফ গাড়িতেই অবস্থান করছিলেন।

বুধবার রাত পৌনে ১২টার দিকে গুলশান-৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে রোববার (১৮ জানুয়ারি)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, খাম সাঁটানোর সময় গাড়িটির সামনে ও পেছনে বিএনপির চেয়ারম্যানের নিজস্ব নিরাপত্তা বাহিনী (সিএসএফ)-এর সদস্যরা উপস্থিত থাকলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনার পর গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত ওই মোটরসাইকেল আরোহী কিংবা খামের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে গাড়িতে স্কচটেপ লাগানো একটি খাম সাঁটিয়ে টান দিয়ে চলে যায়। খামটি লাগানোর উদ্দেশ্য কিংবা এর পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।