৫ বছরে ১ কোটি তরুণকে দক্ষতা প্রশিক্ষণ, নতুন মন্ত্রণালয়ের পরিকল্পনা জামায়াতের
আগামী পাঁচ বছরে এক কোটি তরুণকে বাজারভিত্তিক দক্ষতা প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে একাধিক কাঠামোগত সংস্কারের ঘোষণাও দিয়েছে দলটি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পলিসি সামিট ২০২৬’-এ তরুণদের জন্য নেওয়া এসব পরিকল্পনা তুলে ধরা হয়।
জামায়াতের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান কার্যক্রম সমন্বয়ের জন্য একটি নতুন মন্ত্রণালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে পাঁচ বছরে এক কোটি তরুণকে বাজারের চাহিদা অনুযায়ী স্কিল ট্রেনিং দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে প্রতিটি উপজেলায় গ্র্যাজুয়েটদের জন্য ‘ইয়ুথ টেক ল্যাব’ স্থাপনের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে প্রতিটি জেলায় ‘জেলা জব ইয়ুথ ব্যাংক’ গঠনের মাধ্যমে পাঁচ বছরে ৫০ লাখ চাকরির সুযোগ নিশ্চিত করার পরিকল্পনার কথা জানানো হয়।
উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে পাঁচ লাখ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ডিজিটাল অর্থনীতিতে তরুণদের সম্পৃক্ত করতে ১৫ লাখ ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।
ঘোষণায় আরও বলা হয়, স্বল্পশিক্ষিত যুবকদের জন্য আলাদা ও উপযোগী দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা হবে।
পলিসি সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, গবেষক, সম্পাদক ও সাংবাদিক নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও ইউএনডিপিসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বিশিষ্ট অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও সামিটে অংশ নেন।


