প্রায় দুই দশক পর সিলেট যাচ্ছেন তারেক রহমান
দীর্ঘ প্রায় ২০ বছর পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই হবে তার প্রথম সফর। এই সফরকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় আকাশপথে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তারেক রহমান। এর আগের দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি নিজেই এই সফরের ঘোষণা দেন।
দোয়া মাহফিলে তারেক রহমান বলেন, বুধবার বিকেলে তিনি ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান বিমানে করে সিলেট যাবেন এবং পরদিন থেকেই আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু হবে।
দলীয় সূত্র জানায়, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারের সূচনা করবেন বিএনপির চেয়ারম্যান। ঐতিহাসিকভাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করতেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের ১১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট নগরী ও আশপাশের এলাকায় পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে। দলীয় নেতাকর্মীরা আশা করছেন, এই জনসভায় ৭ থেকে ৮ লাখ মানুষের উপস্থিতির মাধ্যমে বিএনপির সাংগঠনিক শক্তির জানান দেওয়া সম্ভব হবে।
দলীয় কর্মসূচি অনুযায়ী, বুধবার সন্ধ্যায় সিলেটে পৌঁছে তিনি একটি ফাইভ স্টার হোটেলে অবস্থান করবেন। রাত ৮টার দিকে দুই মাজার জিয়ারতের পাশাপাশি পারিবারিকভাবে শ্বশুরবাড়িতেও যাবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে সিলেটে যাচ্ছেন এবং সেখান থেকেই জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছেন।


