সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচার শুরু
সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে বৃহস্পতিবার বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১২টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান।
নির্বাচনী সমাবেশকে ঘিরে গভীর রাত থেকেই সিলেট নগরী ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে মাঠে জড়ো হতে থাকেন। ভোরের পর সমাবেশস্থলে জনসমাগম আরও বাড়তে থাকে। সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
এর আগে সকালে সিলেটের একটি হোটেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত ‘ইয়ুথ পলিসি ডায়লগ’-এ অংশ নেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, গত দুই দশকে দেশের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়লেও সেই অনুপাতে নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়ন হয়নি।
তিনি আরও বলেন, টানা ১৭ বছর তাকে বাধ্য হয়ে দেশের বাইরে অবস্থান করতে হয়েছে। যুক্তরাজ্যে থাকার সময় অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান বিএনপির চেয়ারম্যান।
ইয়ুথ পলিসি ডায়লগে অংশ নেওয়া শিক্ষার্থীরা দেশের স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। এসব প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, একটি আধুনিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে তরুণদের ভাবনা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন এবং তরুণ সমাজকে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করার অঙ্গীকার করেন।


