নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ চালাবো: তারেক রহমান

রাজনীতি
নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ চালাবো: তারেক রহমান
নিউজ ডেস্ক
২২ জানুয়ারি ২০২৬

সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনার জন্য নবিজির ন্যায় ভিত্তিক নীতি অনুসরণের প্রতিশ্রুতি দিয়েছেন।

সমাবেশে তিনি বলেন, “বেহেশত ও দোজখের মালিক আল্লাহ, যেটা তার, সেটি অন্য কেউ দিতে পারবে না। নির্বাচনের আগে যারা মানুষকে প্রতারিত করছে, তারা ভোটের পর কেমন আচরণ করবে, তা মানুষকে বিচার করতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, দেশে একটি মহল ভোট ডাকাতি ও ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। “৫ আগস্ট জনগণ প্রমাণ করেছে যে তারা যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম,” তিনি যোগ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপি ক্ষমতায় গেলে দেশের কৃষক, অর্থনীতি ও দুস্থ পরিবারগুলোর উন্নয়নে কাজ করা হবে বলেও তিনি জানান। তারেক রহমান বলেন, “সারাদেশে খাল খনন করা হবে, কৃষকদের পাশে দাঁড়ানো হবে। সকল শিক্ষিত মা-বোনদের স্বনির্ভর করতে সহায়তা করা হবে এবং লাখ লাখ বেকারের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।”

তিনি আরও বলেন, “গ্রাম ও শহরের দুস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে তাদের সহায়তা নিশ্চিত করা যায়। এজন্য জনগণকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।”

জনসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরী। এতে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলার নেতা-কর্মীরা অংশ নেন।