জামায়াতে আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৫ জানুয়ারি) সকালে সকাল ৯টার দিকে ঢাকার বসুন্ধরা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, হাইকমিশনের পলিটিক্যাল হেড মি. টিম ডুকেট এবং ডেপুটি সেক্রেটারি (পলিটিক্যাল) কাটে ওয়ার্ড।
জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে দুইপক্ষ বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। এছাড়া ভবিষ্যতে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে—এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
জামায়াত আমিরের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।


