২০২৪ সালের ছাত্র আন্দোলনেই একাত্তরের স্বাধীনতা রক্ষা হয়েছে: তারেক রহমান

রাজনীতি
২০২৪ সালের ছাত্র আন্দোলনেই একাত্তরের স্বাধীনতা রক্ষা হয়েছে: তারেক রহমান
নিউজ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হলেও সেই স্বাধীনতাকে বাস্তব অর্থে রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্রদের আন্দোলন—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, টানা ১৬ বছর দেশে মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। জনগণ পরিবর্তন চেয়েছে—শিক্ষা, চিকিৎসা ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার পরিবর্তন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের মানুষ এমন একটি রাষ্ট্র চায় যেখানে তারা স্বাধীনভাবে কথা বলতে পারবে, ভোট দিতে পারবে এবং মৌলিক অধিকার ভোগ করতে পারবে। সেই অধিকার দীর্ঘদিন ধরে জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপির রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

সরকার গঠনের সুযোগ পেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় ধরনের সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো হবে এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এজন্য সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

নারীর ক্ষমতায়নের বিষয়ে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের কর্মসংস্থান ও স্বাবলম্বী না করে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নেওয়া সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দেন, বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল। ভবিষ্যতে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে তাদের সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।

কৃষিখাতের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হলে কৃষি উৎপাদন বাড়াতে হবে। এজন্য কৃষক ও কৃষাণীদের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। এই কার্ডের মাধ্যমে স্বল্পসুদে ঋণ নিয়ে কৃষকরা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে বক্তব্যের শেষাংশে তারেক রহমান বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি ও পরিকল্পনা গ্রহণ করেছে, সরকারে গেলে তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এসব বাস্তবায়নের জন্য জনগণের সমর্থনে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।