সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশের ডাক

রাজনীতি
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশের ডাক
নিউজ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬

সারা দেশে নারীদের উপর হামলা ও নির্বাচনি কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জামায়াতে ইসলামী’র নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, ‘৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এটি প্রথমবারের মতো আমাদের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে এসে প্রতিবাদ জানান।’

এর আগে, দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের নির্বাচনি প্রচারে নারীদের ওপর হামলার অভিযোগ তুলে দেন। সোমবার (২৬ জানুয়ারি) তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আমাদের নারী কর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে। তাদের নাজেহাল করা হচ্ছে, অপদস্ত করা হচ্ছে। কোথাও কোথাও নেকাব পরিহিত অবস্থায় নারীদের নেকাব খুলতে বাধ্য করা হয়েছে। অনেকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।’

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জুবায়ের বলেন, ‘দেশের মোট ভোটারের অর্ধেকই নারী। নারী ভোটাররা নারীদের সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এটি ইতিবাচক যে নারীরা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং জাতীয় সংসদ নির্বাচন ও ১২ ফেব্রুয়ারির গণভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমরা চাই আমাদের নারী কর্মীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা হোক। কিন্তু একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে মারাত্মক আচরণ পরিস্থিতিকে অস্থিতিশীল করছে। আমরা এসব বিষয়ে নির্বাচন কমিশনকে বিস্তারিত অবহিত করেছি এবং অনুরোধ করেছি মাঠে দায়িত্বপ্রাপ্ত সবাই যথাযথ ভূমিকা পালন করবেন।’