নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির বিজয় নিশ্চিত, তাই ষড়যন্ত্র হচ্ছে: সালাম

রাজনীতি
নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির বিজয় নিশ্চিত, তাই ষড়যন্ত্র হচ্ছে: সালাম
নিউজ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬

আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণকে বিভ্রান্ত করার নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণার সময় এক পথসভায় তিনি বলেন, “কিছু রাজনৈতিক দল জানে—নির্বাচন সুষ্ঠু হলে জনগণের বিপুল ভোটে বিএনপি বিজয়ী হবে। সে কারণেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।”

তিনি দাবি করেন, গত ১৭ থেকে ১৮ বছর দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি এবং এ সময় জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আবদুস সালামের বক্তব্য অনুযায়ী, “নির্বাচনে গেলে বিএনপি জিতবে—এই আশঙ্কাতেই শেখ হাসিনা নির্বাচন দিতে চাননি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গঠনের দায়িত্ব নেন। নব্বইয়ের গণ-আন্দোলনের পর বেগম খালেদা জিয়া আবার সেই দায়িত্ব পালন করেন।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার বিদায় হয়েছে, কিন্তু দেশ এখনো সংকটময় অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে বিএনপি ও তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নেই।”

আবদুস সালাম বলেন, “বিএনপি ধর্ম বা মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করে না। বিএনপি মানুষের কল্যাণের রাজনীতি করে।” সামনে নির্বাচন ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে বলেও ভোটারদের সতর্ক করেন তিনি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ধানের শীষে ভোট দিলে দেশ একজন প্রধানমন্ত্রী পাবে। অন্য প্রতীকে ভোট দিলে জনগণের কোনো লাভ হবে না। এলাকার সমস্যার সমাধান করার ক্ষমতা প্রধানমন্ত্রীরই রয়েছে।”

এলাকার সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা-১৭ আসনের প্রধান সমস্যা হলো রাস্তা ও গ্যাস সংকট। তারেক রহমান নির্বাচিত হলে তাকে এলাকায় নিয়ে আসা হবে এবং দ্রুত উন্নয়নকাজ শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আবদুস সালাম বলেন, “যারা ক্ষমতায় যেতে পারবে না, তারা কোনো পরিবর্তনও আনতে পারবে না। নিজের ভবিষ্যৎ, এলাকার উন্নয়ন ও পরিবেশ পরিবর্তন করতে চাইলে ধানের শীষে ভোট দিন।”

শেষে তিনি বলেন, “এই দেশে যাঁরা সত্যিকার অর্থে কাজ করেছেন, তারা হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। আগামী দিনে সেই দায়িত্ব পালন করবেন তারেক রহমান—ইনশাআল্লাহ।”