জামায়াত নেতা তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল: সাদিক কায়েম
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে মুসলিম বিশ্বের তরুণদের আইডল উল্লেখ করে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, চৌদ্দগ্রামের সন্তান ডা. আব্দুল্লাহ তাহের শুধু জুলাই বিপ্লবেই নেতৃত্ব দেননি, তিনি নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি বলেন, “ডা. তাহের মুসলিম বিশ্বের তরুণদের জন্য অনুপ্রেরণার নাম। আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”
তিনি আরও বলেন, “গত ১৬ বছর যারা রাজপথে থেকেছে, জনগণের পাশে দাঁড়িয়েছে, দীর্ঘ লড়াই চালিয়ে গেছে—জনগণ তাদেরই নির্বাচিত করবে।” সাদিক কায়েমের দাবি, বিপ্লব-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী জুলাই বিপ্লবের চেতনা সবচেয়ে বেশি ধারণ করেছে। তিনি উল্লেখ করেন, জামায়াত আমির জুলাই শহিদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, “গত ৫৪ বছরে কত সরকার এসেছে-গেছে, সবাই প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু কয়টি সরকার সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে?”
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তরুণরা তাদের ভোট দেবে তাদেরকেই যারা জুলাই বিপ্লব ও রাষ্ট্র সংস্কারের পক্ষে, এবং যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছে।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


