শেখ হাসিনার পর এখন কিছু অর্বাচীন বালকদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশ শেখ হাসিনার হাত থেকে পরিত্রাণ পেয়েছে, তবে পাশাপাশি কিছু অর্বাচীন বালকের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনের আনন্দ ভবনে বায়রা ও হাব নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে মির্জা আব্বাস বলেন, “কিছু ছেলে আঙুল ফুলে কলাগাছ হয়ে বড় বড় কথা বলছে। ঘুম থেকে উঠে আল্লাহর নাম না নিলেও তারা আমার নাম নেয়। ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, তার প্রশংসা করো।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-৮ আসনে এমন কিছু কর্মকাণ্ডের চেষ্টা চলছে, যার প্রভাব সারাদেশের ভোটে পড়তে পারে। তবে বিএনপি এখনো ধৈর্য ধরেছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা সহ্য করে যাচ্ছি। কিন্তু ধৈর্যের বাঁধ যেন না ভাঙে। বিএনপি চায় একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।”
মির্জা আব্বাস বলেন, “এই নির্বাচন কেউ দান করেনি। কেউ কেউ বলে ৫ আগস্ট সবকিছু হয়ে গেছে। অথচ গত ১৭ বছরে আমরা কী পরিমাণ ত্যাগ করেছি, তা ভুলে গেলে চলবে না।” তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিএনপির নেতাকর্মীদের অবস্থার খুব একটা উন্নতি হয়নি বলেও তিনি দাবি করেন।
একটি দলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ৪০ লাখ বোরকা অর্ডার দেওয়ার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
নির্বাচনের ফলাফল নিয়ে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “ভোটের পর যদি ১২ ঘণ্টার বেশি সময় ফল প্রকাশে দেরি করা হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে ভোটের আগেই আন্দোলন গড়ে তোলা হবে।” একই সঙ্গে তিনি বলেন, কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার আগে কোনো পোলিং এজেন্ট কেন্দ্র ত্যাগ করবে না।


