ঋণখেলাপিদের জন্য বাংলাদেশকে ‘জাহান্নাম’ বানিয়ে দেব: হাসনাত

রাজনীতি
ঋণখেলাপিদের জন্য বাংলাদেশকে ‘জাহান্নাম’ বানিয়ে দেব: হাসনাত
নিউজ ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লা-৪ আসনে নির্বাচিত হলে ঋণখেলাপি ও ব্যাংক লুটেরাদের জন্য বাংলাদেশকে ‘জাহান্নাম’ বানিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

রোববার (১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ঋণখেলাপির দায়ে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়া ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি স্পষ্ট বার্তা। আপিল বিভাগের আজকের আদেশে জনগণের বিজয় হয়েছে, জালিমের বিরুদ্ধে মজলুমের জয় হয়েছে। ব্যাংক লুট করে কেউ জনগণের ভোট নিয়ে সংসদে যেতে পারবে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় তার সঙ্গে আইনজীবী জহিরুল ইসলাম মূসা ও আলী আজগর শরীফী উপস্থিত ছিলেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে নির্বাচন থেকে ছিটকে পড়েন তিনি।

রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করে।

ইসির এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। পরে তিনি আপিল বিভাগে আবেদন করলেও শেষ পর্যন্ত সেখানেও তার আবেদন খারিজ হয়।