চব্বিশে যারা অবিশ্বাসী, ছাব্বিশে তাদের জন্য লালকার্ড: জামায়াত আমির

রাজনীতি
চব্বিশে যারা অবিশ্বাসী, ছাব্বিশে তাদের জন্য লালকার্ড: জামায়াত আমির
নিউজ ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৬

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বক্তব্যে আবারও কঠোর অবস্থানের কথা জানালেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা চব্বিশের গণআকাঙ্ক্ষাকে বিশ্বাস করে না, তাদের জন্য ছাব্বিশে লাল কার্ড দেখানো হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় এক নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ সঠিক পথ বেছে নেবে। এই দেশের জনগণ কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি। যে যুবসমাজের নেতৃত্বে বিপ্লব সফল হয়েছে, তারাই আজ দেশকে নতুন দিকনির্দেশনা দিচ্ছে। ঢাকসু থেকে শুরু করে জকসু পর্যন্ত একই চিত্র দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিজেদের রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে জামায়াত আমির বলেন, তারা দালালমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, ব্যাংক ডাকাতমুক্ত ও ঋণখেলাপিমুক্ত বাংলাদেশ গড়তে চান। পাশাপাশি একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য বলে জানান তিনি।

রাজনীতির ভাষা ও চরিত্র পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নোংরা রাজনীতির পথ পরিহার করে পরিষ্কার রাজনীতির মূল সড়কে হাঁটতে হবে। জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের উদ্দেশে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে কোনো ধরনের বেঈমানি করা হবে না।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, যেদিন মায়েরা রাস্তায় নেমে এসেছিলেন, সেদিনই স্বৈরাচার বুঝে গিয়েছিল তাদের সময় শেষ। সেই আতঙ্ক থেকেই ৩১ জুলাই বেআইনিভাবে জামায়াতে ইসলামিকে নিষিদ্ধ করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ৫ আগস্টের পর কিছু মানুষ চাঁদাবাজিতে লিপ্ত হয়ে সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করেছে। তবে এসব দিনের অবসান ঘটবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, এখনো সময় আছে—পরিশুদ্ধ হয়ে ফিরে আসুন। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সম্মানজনক জীবনের পথ তৈরি করে দেওয়া হবে। কিন্তু চাঁদাবাজি আর কোনোভাবেই বরদাশত করা হবে না।

শেষে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চায় না, তারা পুরোনো ব্যবস্থাই ধরে রাখতে চায়। নতুন বাংলাদেশ গড়তে হলে পেছনে তাকানোর সুযোগ নেই।