৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিভির মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অনুকূল নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত জরুরি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম হিসেবে বিটিভিতে সব প্রার্থীর জন্য সমান প্রচারণার সুযোগ দেওয়া নির্বাচনী পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ টেলিভিশনে রাজনৈতিক দলের প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য স্লট বরাদ্দের বিষয়ে কমিশনের নির্দিষ্ট নির্দেশনা রয়েছে। এ ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬-এর উপবিধি (গ) অনুসরণ করে লিখিত আবেদন পাওয়ার সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, বিটিভিকে প্রতি রাজনৈতিক দলের প্রধানের জন্য পৃথক স্লট ও স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে। পাশাপাশি প্রচারণা বক্তব্যের রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করতে হবে।
ইসি আরও জানায়, যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদন পাওয়ার সময়ের ভিত্তিতে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। তবে কমিশন উল্লেখ করেছে, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এখনো এ ধরনের আবেদন পাওয়া যায়নি। সে কারণে বিএনপির পক্ষ থেকে চাওয়া অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে দলীয় প্রধান তারেক রহমানের বক্তব্য প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটের জন্য প্রার্থীরা ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।


