বিদেশ থেকে আনা মোবাইল সেট নিবন্ধন করবেন যেভাবে

বিদেশ থেকে আনা মোবাইল সেট নিবন্ধন করবেন যেভাবে
নিউজ ডেস্ক
২ জানুয়ারি ২০২৬

দেশের মোবাইল নেটওয়ার্ক থেকে অবৈধ হ্যান্ডসেট সরাতে আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার আওতায় কেবল অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনই বাংলাদেশে ব্যবহার করা যাবে। ক্লোন করা আইএমইআই নম্বরের কোনো ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, বিদেশ থেকে ব্যক্তিগতভাবে কেনা বা উপহার পাওয়া মোবাইল ফোন বাংলাদেশে ব্যবহার করতে হলে অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

বিটিআরসি জানায়, এসব হ্যান্ডসেট প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল থাকলেও গ্রাহককে এসএমএসের মাধ্যমে ৩০ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য যাচাই শেষে কেবল বৈধ হ্যান্ডসেটই স্থায়ীভাবে নেটওয়ার্কে চালু থাকবে। অন্যথায় সংশ্লিষ্ট মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিদেশ থেকে ক্রয় করা বা উপহারপ্রাপ্ত মোবাইল ফোন নিবন্ধনের জন্য গ্রাহককে প্রথমে neir.btrc.gov.bd ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর ‘Special Registration’ অপশনে গিয়ে মোবাইলের IMEI নম্বর প্রদান করতে হবে।

এরপর পাসপোর্টের ভিসা বা ইমিগ্রেশন সংক্রান্ত পৃষ্ঠা, মোবাইল কেনার রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি বা ছবি আপলোড করে আবেদন জমা দিতে হবে। যাচাই শেষে হ্যান্ডসেট বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। অবৈধ প্রমাণিত হলে গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানিয়ে ফোনটি নেটওয়ার্ক থেকে বন্ধ করে দেওয়া হবে।

বিটিআরসি আশা করছে, এনইআইআর চালুর মাধ্যমে অবৈধ মোবাইল আমদানি রোধ, গ্রাহক সুরক্ষা নিশ্চিত এবং দেশের টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।