গাড়ির ভেতরেই শৌচাগার! চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
গাড়ির ভেতরে ব্যবহারযোগ্য শৌচাগার তৈরির অভিনব প্রযুক্তির জন্য পেটেন্ট পেয়েছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সেরেস। ‘ইন-ভেহিকেল টয়লেট’ নামে পরিচিত এই ব্যবস্থাটি ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে এবং দীর্ঘ ভ্রমণ বা ক্যাম্পিংয়ের সময় ব্যবহারকারীদের সুবিধা দিতে তৈরি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পেটেন্ট আবেদনে বলা হয়েছে, শৌচাগারটি যাত্রীর সিটের নিচে লুকানো থাকবে। প্রয়োজনের সময় বোতাম চাপলে বা ভয়েস কমান্ড দিলে এটি স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে আসবে।
এই বিশেষ শৌচাগারে থাকবে ফ্যান ও নির্গমন পাইপ, যা দুর্গন্ধ গাড়ির বাইরে সরিয়ে দেবে। এছাড়া বর্জ্য সংগ্রহের জন্য আলাদা ট্যাংক এবং এমন প্রযুক্তি রাখা হয়েছে, যা তরল পদার্থ বাষ্পে রূপান্তর ও কঠিন বর্জ্য শুকাতে সহায়তা করবে।
তবে এখনো পর্যন্ত সেরেস এ প্রযুক্তিসম্পন্ন কোনো গাড়ি বাজারে আনার ঘোষণা দেয়নি। ফলে এটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে কি না, তা অনিশ্চিত।
বিশেষজ্ঞরা বলছেন, গাড়ির ভেতরে শৌচাগারের ধারণা একেবারে নতুন নয়। অতীতে রোলস-রয়েস-এর সিলভার রেইথ মডেলের একটি বিশেষ সংস্করণে টেলিভিশনসহ শৌচাগারের ব্যবস্থাও ছিল।
বর্তমানে চীনের বৈদ্যুতিক গাড়ির বাজারে তীব্র প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নির্মাতারা ম্যাসাজ সিট, কারাওকে সিস্টেম, এমনকি গাড়ির ভেতরে ফ্রিজের মতো নানা সুবিধা যুক্ত করছে। এই প্রেক্ষাপটে বিওয়াইডি ও সেরেসের মতো কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যেই লাভজনক অবস্থানে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীর আরাম ও অভিজ্ঞতাকে কেন্দ্র করে এমন নতুন প্রযুক্তি ভবিষ্যতে গাড়ি শিল্পে ভিন্নমাত্রা যোগ করতে পারে।


