বাংলাদেশের ১ কোটি ৫৩ লাখ ভিডিও ডিলিট করলো টিকটক
জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। এতে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের তথ্য উঠে এসেছে।
রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে এই সময়ে মোট ১ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ১২৯টি ভিডিও কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের কারণে সরিয়ে দেওয়া হয়েছে।
এর মধ্যে ৯৯.৯ শতাংশ কনটেন্ট আগেই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে অপসারণ করা হয়। এছাড়া ৯৮.৪ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে।
টিকটক জানিয়েছে, তাদের এআই-চালিত মডারেশন ব্যবস্থা আগের তুলনায় আরও উন্নত হয়েছে, যার ফলে দ্রুত কনটেন্ট শনাক্ত ও অপসারণ সম্ভব হচ্ছে। পুরোনো ভিডিও খুঁজে বের করে অপসারণের সক্ষমতাও বেড়েছে।
বিশ্বব্যাপী একই সময়ে মোট ১৭ কোটি ৫৩ লাখের বেশি ভিডিও অপসারণ করা হয়েছে, যা মোট কনটেন্টের প্রায় ০.৫ শতাংশ। এর মধ্যে বড় অংশই স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়।
নিরাপত্তা জোরদারে এই সময়ে ১৪ কোটি ৭৭ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী হিসেবে সন্দেহভাজন ২ কোটি ৩৮ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
রিপোর্টে বলা হয়, অপসারিত কনটেন্টের মধ্যে প্রাপ্তবয়স্ক বা সংবেদনশীল ভিডিওর হার সর্বোচ্চ। এছাড়া ভুল তথ্য, নিরাপত্তা লঙ্ঘন ও এআই-জেনারেটেড কনটেন্টও উল্লেখযোগ্য অংশ দখল করেছে।
বিশ্লেষকদের মতে, দ্রুত বর্ধমান ব্যবহারকারীর কারণে প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে টিকটক। তবে একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও কনটেন্ট নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য বজায় রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।


