১৫ বছর পর অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক, নতুন প্রধান জন টার্নাস
দীর্ঘ ১৫ বছর পর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টিম কুক। তার স্থলাভিষিক্ত হিসেবে অ্যাপল এর নতুন সিইও হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জন টার্নাস। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ পরিবর্তন কার্যকর হবে।
১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেন টিম কুক এবং ২০১১ সালে স্টিভ জবসের পর কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে অ্যাপল বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়। এ সময়ে কোম্পানির বাজারমূল্য প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছায় এবং সর্বশেষ অর্থবছরে বার্ষিক আয় দাঁড়ায় প্রায় ৪১৬ বিলিয়ন ডলার।
নতুন সিইও জন টার্নাস ২০০১ সাল থেকে অ্যাপলের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে তিনি কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০১৩ সালে ভাইস প্রেসিডেন্ট এবং ২০২১ সালে এক্সিকিউটিভ টিমের সদস্য হন তিনি।
আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ ও এয়ারপড-সহ অ্যাপলের জনপ্রিয় পণ্যের উন্নয়ন ও ডিজাইনে তার প্রত্যক্ষ অবদান রয়েছে। অ্যাপলে যোগ দেওয়ার আগে তিনি ভার্চুয়াল রিসার্চ সিস্টেমে কাজ করেছেন এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা সম্পন্ন করেন।
কোম্পানির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, জন টার্নাস প্রচারবিমুখ হলেও প্রযুক্তিগত দক্ষতা ও পণ্য উন্নয়নে তার অভিজ্ঞতা প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন দায়িত্ব নিয়ে টার্নাস বলেন, এই সুযোগ পাওয়া তার জন্য গর্বের বিষয়। তিনি স্টিভ জবসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং টিম কুককে মেন্টর হিসেবে পাওয়ার কথা স্মরণ করেন।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা, হার্ডওয়্যার উদ্ভাবন এবং বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে নেতৃত্ব পরিবর্তন অ্যাপলের জন্য তাৎপর্যপূর্ণ। তবে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অভিজ্ঞ নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকবে বলেই ধারণা করা হচ্ছে।


