একসঙ্গে একাধিক কাজ হবে দ্রুত, অ্যান্ড্রয়েড ১৭-তে নতুন ‘বাবল’ সুবিধা

একসঙ্গে একাধিক কাজ হবে দ্রুত, অ্যান্ড্রয়েড ১৭-তে নতুন ‘বাবল’ সুবিধা
নিউজ ডেস্ক
২০ জুন ২০২৬

মোবাইল ব্যবহারে মাল্টিটাস্কিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে অ্যান্ড্রয়েড-১৭ উন্মোচন করেছে গুগল। নতুন সংস্করণে যুক্ত হয়েছে ‘বাবল’ নামের একটি ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো অ্যাপকে ছোট ভাসমান উইন্ডো হিসেবে স্ক্রিনে রেখে একসঙ্গে একাধিক কাজ করতে পারবেন।

প্রাথমিকভাবে গুগলের পিক্সেল ডিভাইসগুলোতে নতুন অপারেটিং সিস্টেমটি চালু হলেও চলতি বছরের মধ্যেই অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও এটি পৌঁছে যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্যমতে, ‘বাবল’ ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী ভাসমান উইন্ডোগুলো সরাতে, আকার পরিবর্তন করতে এবং একাধিক অ্যাপ পাশাপাশি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে বড় ডিসপ্লে ও ফোল্ডেবল ডিভাইসে এসব উইন্ডো নিচের একটি ডক বারে সংরক্ষিত থাকবে, যা ব্যবহারকে আরও সুবিধাজনক করবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নতুন এই সুবিধা ম্যাপ ব্যবহার, ফোনালাপ চলাকালে নোট নেওয়া কিংবা মেসেজিং অ্যাপ খোলা রেখেই অন্য কাজ করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মাল্টিটাস্কিংয়ের পাশাপাশি নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছে অ্যান্ড্রয়েড-১৭। এখন কোনো অ্যাপকে ব্যবহারকারীরা একবারের জন্য লোকেশন ব্যবহারের অনুমতি দিতে পারবেন। একইভাবে পুরো কনট্যাক্ট তালিকার পরিবর্তে নির্দিষ্ট কিছু যোগাযোগ তথ্য শেয়ার করার সুযোগও থাকবে।

হারিয়ে যাওয়া ডিভাইসের নিরাপত্তা বাড়াতে লস্ট মোডে বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। ফলে পিন জানা থাকলেও অনুমোদন ছাড়া ডিভাইস ব্যবহার করা কঠিন হবে।

এছাড়া অনলাইন প্রতারণা ও ক্ষতিকর অ্যাপ শনাক্তে লাইভ থ্রেট ডিটেকশন প্রযুক্তি আরও উন্নত করা হয়েছে। বারবার ভুল পিন প্রবেশের ক্ষেত্রেও অপেক্ষার সময় বাড়ানো হয়েছে, যা অননুমোদিত প্রবেশ ঠেকাতে সহায়ক হবে।

নতুন ফিচার ও নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে অ্যান্ড্রয়েড-১৭ ব্যবহারকারীদের জন্য আরও স্মার্ট ও সুরক্ষিত অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করছে গুগল।