কারাগারে প্রতিদ্বন্দ্বী নয়, সহখেলোয়াড় সুমন ও সালাম মুর্শেদী

খেলাধুলা
কারাগারে প্রতিদ্বন্দ্বী নয়, সহখেলোয়াড় সুমন ও সালাম মুর্শেদী
নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৫

এক সময়ের রাজনৈতিক ও আইনি প্রতিদ্বন্দ্বী—ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী—এখন একই কারাগারে সহবন্দি। তবে দ্বন্দ্ব নয়, এখন তাদের সম্পর্ক গড়ে উঠেছে সহখেলোয়াড় হিসেবে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ তারা দুজনই ভিআইপি মর্যাদায় থেকে প্রতিদিন নিয়মিত ফুটবল খেলায় অংশ নিচ্ছেন।

সূত্র জানায়, প্রতিদিন আসরের নামাজের পর, কারাগারের খোলা মাঠে তারা দুটি দলে ভাগ হয়ে অন্যান্য কয়েদিদের সঙ্গে ফুটবল খেলেন। ব্যারিস্টার সুমনের সহকর্মী ও আইনজীবী এম লিটন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বাইরে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও, ভেতরে সম্পর্ক বেশ ভালো। খেলাধুলার মধ্য দিয়ে তারা সময় কাটাচ্ছেন।”

গত ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেফতার হন ব্যারিস্টার সুমন ও সালাম মুর্শেদী। এরপর থেকেই তারা কাশিমপুর কারাগারে আছেন। সুমনের বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকলেও কোনো আদালতেই এখনো জামিন মঞ্জুর হয়নি। একই অবস্থা সালাম মুর্শেদীর ক্ষেত্রেও।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাইরের জগতে, বিশেষ করে গুলশান-২ এর ২৭/বি নম্বর বাড়ি নিয়ে তাদের দ্বন্দ্ব চরমে পৌঁছায়। ব্যারিস্টার সুমন এ বিষয়ে হাইকোর্টে রিট করেন, যার প্রেক্ষিতে ২০২৪ সালের ১৯ মার্চ আদালত সেই বাড়িকে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করে এবং সরকারকে তা গ্রহণের নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, সালাম মুর্শেদী জাল কাগজপত্র তৈরি করে ওই সম্পত্তি নিজের নামে করে নিয়েছিলেন।

কারা সূত্র জানায়, ব্যারিস্টার সুমন ও সালাম মুর্শেদী প্রায়ই মাঠে ফুটবল খেলার সময় হালকা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন, কখনো ইচ্ছাকৃত ফাউলও করেন। একবার সালাম মুর্শেদীর ফাউলের পর সুমন হেসে বলেন, “বুড়ো বয়সে পা দেখে ফাউল করেন, না হলে হাড় ভেঙে যাবে!”

এক সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দুর্নীতি নিয়ে মুখ খোলা এবং নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন, যেটি সালাম মুর্শেদীর সঙ্গে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সূচনা ঘটায়।

রাজনীতির মঞ্চে ও আদালতে যারা প্রতিপক্ষ ছিলেন, কারাগারের মাঠে তারা এখন সহকর্মী ও সহখেলোয়াড়। তাদের এই সম্পর্ক পরিবর্তন একদিকে যেমন মানবিক, অন্যদিকে সমাজ ও রাজনীতির বাস্তবতাকেও সামনে নিয়ে আসে।