মিরপুরে বৃষ্টিতে খেলা বন্ধ, জয় থেকে ১০৬ রান দূরে ওয়েস্ট ইন্ডিজ

খেলাধুলা
মিরপুরে বৃষ্টিতে খেলা বন্ধ, জয় থেকে ১০৬ রান দূরে ওয়েস্ট ইন্ডিজ
৩১ অক্টোবর ২০২৬

মিরপুর টেস্টে বাংলাদেশের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে ৫০ রান পার করেছে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জন ক্যাম্পবেল। তাঁদের উদ্বোধনী জুটিতে জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে ক্যারিবীয় দল।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের লিড থাকায় সব মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়ায় ১৬৯ রান। ফলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য হয় ১৭০ রান।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন নাঈম হাসান। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একপ্রান্ত আগলে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন জাকের আলী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চতুর্থ দিনের শুরুতে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। দিনের প্রথম ওভারেই জাকের আলী ফিরে যান। এরপর নাঈমের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন হাসান মাহমুদ। তবে ৩১ বলে ৮ রান করে তিনি আউট হন। পরে তাইজুল ইসলামও ৮ রান করে ফিরে যান।

এরপর শরিফুল ইসলামকে নিয়ে ব্যাট করতে থাকেন নাঈম। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৯ উইকেটে ১৩২ রান তুলেছিল বাংলাদেশ। তখন নাঈম অর্ধশতক থেকে মাত্র এক রান দূরে ছিলেন। বৃষ্টি থামার পর ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫২ রানে তাঁর বিদায়ের মধ্য দিয়ে ১৪২ রানে থামে বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের প্রথম ইনিংসের ২৭২ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৪৫ রান। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ওই ওভারে মেহেদী হাসান মিরাজের বলে তিনবার পরাস্ত হন জন ক্যাম্পবেল। প্রথমবার রিভিউ নেওয়া হলেও আম্পায়ার্স কলে বেঁচে যান তিনি। পরের দুইবার রিভিউ নেয়নি বাংলাদেশ।

এরপরও দুই ওপেনার উইকেটে থেকে দলকে এগিয়ে নিচ্ছেন। ফলে মিরপুর টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন তুলনামূলক সহজ সমীকরণ।