হাসপাতাল থেকে ফিরেছেন এমবাপে, ক্লাব বিশ্বকাপে শেষ ম্যাচে ফেরার সম্ভাবনা

খেলাধুলা
হাসপাতাল থেকে ফিরেছেন এমবাপে, ক্লাব বিশ্বকাপে শেষ ম্যাচে ফেরার সম্ভাবনা
নিউজ ডেস্ক
২২ জুন ২০২৫

ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে গুরুতর পেটের অসুস্থতা (গ্যাস্ট্রোএনটেরাইটিস) কাটিয়ে ফিরেছেন হাসপাতাল থেকে। অসুস্থতার কারণে তাকে কিছুদিন হাসপাতালে থাকতে হয়। বর্তমানে তিনি ফ্লোরিডার পাম বিচে রিয়াল মাদ্রিদের ট্রেনিং ক্যাম্পে বিশ্রামে রয়েছেন।

রিয়ালের নতুন কোচ জাবি আলোনসো নিশ্চিত করেছেন, এমবাপে এখন অনেকটাই সুস্থ এবং ধীরে ধীরে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ক্লাব বিশ্বকাপে সালজবুর্গের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে পাওয়ার আশা করছে ক্লাব।

গত বুধবার ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে রিয়ালের প্রথম ম্যাচে এমবাপে খেলতে পারেননি। ওই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এমবাপের পরিবর্তে একাদশে সুযোগ পান ২১ বছর বয়সী গনসালো গার্সিয়া, যিনি ম্যাচের ৩৪তম মিনিটে দলের হয়ে গোল করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রিয়াল মাদ্রিদের সামনে এখন দ্বিতীয় ম্যাচে পাচুকার বিপক্ষে মাঠে নামার চ্যালেঞ্জ। তবে এমবাপে দলের সঙ্গে নর্থ ক্যারোলাইনায় সফর করেননি।

শনিবার সংবাদ সম্মেলনে কোচ আলোনসো বলেন,
“সে আগের চেয়ে অনেকটাই ভালো। দুই দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। আমরা প্রতিদিন আরও আশাবাদী হচ্ছি যে, সালজবুর্গের বিপক্ষে শেষ ম্যাচে তাকে দলে পেতে পারি।”

উল্লেখ্য, গত মৌসুমে কোনো বড় ট্রফি না পাওয়ার পর রিয়াল মাদ্রিদ এবার ক্লাব বিশ্বকাপকে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছে। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়েছেন জাবি আলোনসো। আল হিলালের বিপক্ষে ম্যাচটিই ছিল কোচ হিসেবে তার রিয়াল অধ্যায়ের সূচনা।