মা ‘সুস্থ’, কাল পরীক্ষায় অংশ নেবে আনিসা

শিক্ষা
মা ‘সুস্থ’, কাল পরীক্ষায় অংশ নেবে আনিসা
নিউজ ডেস্ক
২৮ জুন ২০২৫

এইচএসসির প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে পারেননি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা। মায়ের হঠাৎ অসুস্থতার কারণে পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছানোয় তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে আজ রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।

কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানিয়েছেন, শনিবার বিকেলে প্রতিষ্ঠান থেকে সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠানো হয় খোঁজ নিতে। তিনি জানান, আনিসার মা এখন সুস্থ এবং আনিসা দ্বিতীয় পত্রসহ পরবর্তী সব পরীক্ষায় অংশ নেবেন বলে জানিয়েছেন।

অধ্যক্ষ বলেন, “ওই শিক্ষার্থী জানিয়েছে, তার মাকে স্থানীয় সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। তবে আমরা এখনও তা যাচাই করতে পারিনি। তবে সে এখন প্রস্তুত রয়েছে এবং আজকের পরীক্ষায় অংশ নিচ্ছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রসঙ্গত, গত ২৬ জুন বৃহস্পতিবার সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। প্রথমদিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় আনিসার অংশ নেওয়ার কথা থাকলেও, পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর সে কেন্দ্রে পৌঁছায়। কেন্দ্রের নিয়ম অনুযায়ী তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পরীক্ষা না দিতে পেরে কেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পড়েন আনিসা। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অনেকে তার বিষয়ে মানবিক বিবেচনার দাবি তোলেন।

পরে শিক্ষা উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, আনিসার ঘটনাটি মানবিক দৃষ্টিতে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

আনিসা বর্তমানে মানবিক বিভাগের শিক্ষার্থী। পরীক্ষার টেস্টে দুই বিষয়ে ফেল করলেও তাকে মূল পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। অধ্যক্ষ জানান, “সে আমাদের প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। এসএসসিতে ভালো ফল করেছিল এবং তার মধ্যে চেষ্টা রয়েছে।”

আজ রবিবার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার পাশাপাশি আলিম পর্যায়ে আরবি সাহিত্য এবং কারিগরি বোর্ডের ইংরেজি-১ বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।