সাইমন টোফেলকে তিন বছরের জন্য আনছে বিসিবি, দেশি আম্পায়ারদের মানোন্নয়নে বড় পদক্ষেপ

খেলাধুলা
সাইমন টোফেলকে তিন বছরের জন্য আনছে বিসিবি, দেশি আম্পায়ারদের মানোন্নয়নে বড় পদক্ষেপ
নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশি আম্পায়ারদের প্রশিক্ষণ ও মানোন্নয়নের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক এলিট আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে তিন বছরের একটি চুক্তিতে সম্মত হয়েছে। সোমবার (১ জুলাই) অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে জানান, “আমরা সাইমন টোফেলের সঙ্গে গত কয়েক মাস ধরেই আলোচনা করছিলাম। তিনি ইতিমধ্যে অনেক দেশেই আম্পায়ার প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে জড়িত। এবার আমাদের দেশেও একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প পরিচালনা করবেন।”

তিনি আরও বলেন, “এই তিন বছরে আমরা ধাপে ধাপে দেশব্যাপী ১০-১৫ জন মাস্টার ট্রেইনার তৈরি করব, যারা পরবর্তীতে স্থানীয় পর্যায়ের আম্পায়ারদের প্রশিক্ষণ দেবেন। সাইমন টোফেল নিজেও এ কার্যক্রমে সরাসরি অংশ নেবেন এবং সময়-সময় বাংলাদেশ সফর করবেন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি আম্পায়ার ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হন। তিনি ৭৪টি টেস্ট, ১৮৮টি ওয়ানডে ও ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

চুক্তিটি এখনও আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত না হলেও, প্রাথমিক আলোচনা ও পরিকল্পনা অনুযায়ী অচিরেই এর বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন বিসিবি কর্মকর্তারা।

বিসিবির এই উদ্যোগকে দেশের ক্রিকেট উন্নয়নের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, দীর্ঘদিন ধরেই আম্পায়ারিংয়ে পেশাদারিত্ব ও মানের ঘাটতি দূর করতে একটি কার্যকর উদ্যোগ প্রয়োজন ছিল। এবার সেটিই বাস্তবায়নের পথে।