‘মাসুদ আমার মৃত্যুর জন্য তুমি দায়ী’

শিক্ষা
‘মাসুদ আমার মৃত্যুর জন্য তুমি দায়ী’
নিউজ ডেস্ক
৩ জুলাই ২০২৫

ইডেন মহিলা কলেজ থেকে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা একজন তরুণী শিক্ষিকা—লাকি। যিনি নিজের যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়ে সমাজে নিজের অবস্থান তৈরি করেছিলেন। কিন্তু এক বিশ্বাসভঙ্গের সম্পর্ক তাকে ঠেলে দিল মৃত্যুর দিকে।

পারিবারিক সূত্রে জানা যায়, লাকি দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইবনে মাসুদের সঙ্গে। মাসুদ বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে জানা যায়, মাসুদ ইতোমধ্যে বিবাহিত এবং তার একটি পরিবার রয়েছে।

লাকি মাসুদকে বিয়ের জন্য চাপ দিলে সে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়ে লাকি ২৪ জুন রাত ১০টায় নিজ বাড়িতে বিষপান করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রথমে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ জুন সকাল ১০টায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

লাকির রুম থেকে পাওয়া গেছে একটি ১১ পৃষ্ঠার সুইসাইড নোট, যাতে প্রেমিক মাসুদকে সরাসরি অভিযুক্ত করে লেখা হয়:

“তুমি চাচ্ছো আমি মরে যাই, আর তুমি জগৎ সংসারে ভালো থাকো। আমি এখন পোকার খাবার বিষ খাবো, আসার সময় কিনে এনেছি। আমার সঙ্গে যা করলে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে করো না প্লিজ। আমার মৃত্যুর জন্য তুমি দায়ী।”

লাকির বাবা আব্দুল লতিফ বলেন:

“আমি কৃষক মানুষ। অনেক কষ্ট করে মেয়ে ইডেন কলেজে পড়াইছি। বাড়ির কাছে চাকরি পেয়ে খুব খুশি হইছিলাম। কিন্তু এখন মেয়ের লাশ দাফন করছি। এই কষ্ট কোনো বাবা যেন না পায়।”

মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবীর রুবেল জানান:

“প্রাথমিক তদন্তে জানা গেছে, মাসুদ বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে মেয়েটি লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

মাসুদ বর্তমানে পলাতক, তিন দিনের ছুটি নিয়ে গোপনে গেছেন বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সাবরিনা রহমান বলেন:

“নারীরা যখন প্রেমে প্রতারিত হন, সমাজ তাদের বিচার না দিয়ে বরং লজ্জা চাপিয়ে দেয়। এতে অনেকে চরম সিদ্ধান্তে পৌঁছান। এটি আমাদের সম্মিলিত ব্যর্থতা।”

লাকির মৃত্যু যেন কেবল একটি মেয়ের নয় — এটি নারী বিশ্বাস, প্রেমে স্বচ্ছতা, ও নৈতিকতাবোধের মৃত্যু। তার লেখা সুইসাইড নোট সমাজকে প্রশ্ন করে গেছে:

“আমার সঙ্গে যা করলে, আর কোনো মানুষের সঙ্গে কোরো না।”