মেসিকে ধরে রাখতে এবার ‘বডিগার্ড’ ডি পলকে চায় ইন্টার মায়ামি!
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অবিচ্ছেদ্য অংশ, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল—ফুটবল মাঠে একে অপরের ছায়াসঙ্গী। এবার সেই বন্ধুত্বকে মূলধন করে ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি।
মেসিকে আরও দীর্ঘদিন ক্লাবে রাখতেই এবার তার ‘ঘনিষ্ঠতম’ সতীর্থ ডি পলকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে মেজর লিগ সকারের (এমএলএস) আলোচিত দলটি।
যুক্তরাষ্ট্রের পত্রিকা ‘মায়ামি হেরাল্ড’ দাবি করেছে, ইতোমধ্যেই ডি পলের ব্যাপারে প্রাথমিক আলোচনা শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদের মূল একাদশের গুরুত্বপূর্ণ অংশ হলেও, মায়ামির আগ্রহে নতুন অধ্যায় শুরু হতে পারে তার ক্যারিয়ারে।
অ্যাতলেটিকো ইতোমধ্যেই ডি পলের মূল্য নির্ধারণ করেছে ১৭ মিলিয়ন ডলার। চুক্তি রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। তবে দলবদলের বাজারে আগ্রহী ক্লাব ও খেলোয়াড়ের ইচ্ছাই অনেক সময় বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।
২০২২ কাতার বিশ্বকাপে ডি পলের পরিচিতি শুধু একজন মিডফিল্ডার হিসেবে নয়, মেসির ‘বডিগার্ড’ হিসেবে আলোচনায় আসে। মাঠে প্রতিপক্ষের চাপ থেকে মেসিকে সুরক্ষিত রাখার লড়াইয়ে ডি পলের নিবেদন আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে।
কেবল মাঠেই নয়, ড্রেসিংরুমে, ভ্রমণে, হোটেল কিংবা বিমানে—প্রতিটি মুহূর্তে মেসির পাশেই ছিলেন ডি পল। এমএলএসে মেসিকে ধরে রাখতে তাই ডি পলের আগমন হতে পারে একটি কৌশলগত ‘মাস্টারমুভ’।
ইন্টার মায়ামির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমএলএসের বেতন কাঠামো ও দলবদল নীতিমালা। নেইমার ও ডি ব্রুইনে আগ্রহ থাকা সত্ত্বেও কঠোর নিয়মের কারণে সেসব বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে বুসকেতসের চুক্তির মেয়াদ শেষ হয়ে আসায়, ডি পলকে নিয়ে মাঝমাঠে নতুন কাঠামো তৈরির সুযোগ আছে।
বিশ্লেষকদের মতে, মেসিকে ঘিরেই ইন্টার মায়ামির ব্র্যান্ডিং, টিকিট বিক্রি, স্পনসরশিপসহ সব পরিকল্পনা দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে তার ‘সেইফ জোন’ তৈরি করে দেওয়া কেবল ফুটবল কৌশল নয়, আর্থিক বিনিয়োগ হিসেবেও লাভজনক।
ডি পলকে দলে টানার প্রচেষ্টা সফল হলে তা হবে ইন্টার মায়ামির জন্য বড় এক অর্জন। আর সেটা শুধু মাঠের জন্য নয়, মেসিকে আরও দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ফুটবলে ধরে রাখার এক সাহসী কৌশল হিসেবেই দেখা হচ্ছে।


