২৭ রানে অলআউট: ব্যর্থতার দায় এড়ালেন না ক্যারিবীয় অধিনায়ক

খেলাধুলা
২৭ রানে অলআউট: ব্যর্থতার দায় এড়ালেন না ক্যারিবীয় অধিনায়ক
নিউজ ডেস্ক
১৫ জুলাই ২০২৫

২০৪ রানের সহজ লক্ষ্য, অথচ তা তাড়া করতে নেমে মাত্র ২৭ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের তকমা জুড়ে গেল ক্যারিবীয়দের নামের পাশে। কিংস্টনের এই ব্যাটিং বিপর্যয়ের পর হতাশা আর স্বীকারোক্তির সুরে কথা বলেছেন দলটির অধিনায়ক রস্টন চেজ।

ম্যাচ শেষে চেজ বলেন,
“এটা অত্যন্ত হতাশাজনক। আমরা একাধিকবার এমন পরিস্থিতিতে গিয়েছি, যেখানে জেতার সুযোগ ছিল। কিন্তু শেষ ইনিংসে ব্যাটিংয়ে বারবার ভেঙে পড়ছি। মনে হচ্ছে আমরা কিছুই শিখছি না।”

তিনি বলেন, তিন টেস্টেই একই ধরনের ব্যর্থতা দেখা গেছে এবং ভুলগুলো শুধরানোর জায়গায় কোনো অগ্রগতি হচ্ছে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অধিনায়ক চেজ লজ্জাজনক ব্যাটিং পারফরম্যান্সের দায় শুধু ব্যাটারদের ঘাড়ে দিচ্ছেন না। উইকেট নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
“৩০ রানের নিচে অলআউট হওয়া অবশ্যই লজ্জার। তবে উইকেটও বেশ কঠিন ছিল। আমি বলছি না পুরোপুরি বোলারদের পক্ষে, তবে ব্যাটিং সহজ ছিল না। এই সিরিজেই প্রথমবার এমন দেখলাম, যেখানে কেউ সেঞ্চুরি করতে পারেনি,” — বলেন চেজ।

২০৪ রানের লক্ষ্যকে বাস্তবসম্মত বলে মনে করেছিলেন ক্যারিবীয় অধিনায়ক।
“আমরা ভেবেছিলাম, উইকেট এখনও ভালো আছে। আগের দুই ম্যাচের মতো ব্যাকফুটে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। কিন্তু যখন স্কোরবোর্ডে ১১ রানে ৬ উইকেট পড়ে যায়, তখন লক্ষ্যটা পাহাড় হয়ে দাঁড়ায়,” — যোগ করেন তিনি।

  1. টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রান: ২৬ (নিউজিল্যান্ড, ১৯৫৫)

  2. দ্বিতীয় সর্বনিম্ন: ২৭ (ওয়েস্ট ইন্ডিজ, ২০২৫)

এমন ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আরও একবার দুর্দশার চিত্র উঠে এসেছে। সিরিজ জয়ের সুযোগ থাকলেও শেষ টেস্টে এমন আত্মসমর্পণ প্রশ্ন তুলছে দলের মানসিক দৃঢ়তা ও টেকনিক্যাল প্রস্তুতির ওপর।