মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্সেলোনার শোকবার্তা, বাংলাদেশি ভক্তদের পাশে স্প্যানিশ জায়ান্টরা
ঢাকা থেকে বার্সেলোনার দূরত্ব ৮ হাজার কিলোমিটারেরও বেশি। তবে এই দূরত্বের দেয়াল ভেঙে, মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার শোক ছুঁয়ে গেছে স্পেনের কাতালান হৃদয়ও। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে বিশ্বখ্যাত ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা।
ঘটনার পরপরই ক্লাবটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক শোকবার্তা পাঠানো হয়েছে বাংলাদেশের বার্সা সমর্থকদের অফিসিয়াল ফ্যান ক্লাব ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা’-এর ঠিকানায়।
বার্সেলোনার বোর্ড সদস্য ও সামাজিক কার্যক্রম পরিচালক জোসেপ ইগ্নাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বোশ স্বাক্ষরিত চিঠিতে লেখা হয়:
“ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এমন দুঃখজনক ঘটনায় যাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে আমরা আছি।”
বাংলাদেশে বার্সেলোনার ভক্তসংখ্যা কম নয়। ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা’ হচ্ছে বার্সার আন্তর্জাতিক স্বীকৃত একটি ফ্যান ক্লাব, যারা শুধুমাত্র ফুটবল ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে না, বরং স্থানীয় কমিউনিটিতে সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। তাদের হাত ধরেই এই শোকবার্তাটি বার্সেলোনা থেকে এসেছে ঢাকায়।
মাইলস্টোন দুর্ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং দেশের প্রায় সব তারকা ক্রীড়াবিদ। অনেক আন্তর্জাতিক ফুটবল তারকা ও সাবেক খেলোয়াড়েরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।
শুধু ফুটবল নয়, মানবিকতা ও সামাজিক দায়িত্বেও বার্সেলোনা বারবার এগিয়ে এসেছে। কাতালান ক্লাবটি অতীতে বিশ্বের বিভিন্ন দুর্যোগে যেমন সহমর্মিতা প্রকাশ করেছে, তেমনি শিশুদের সহায়তায় ইউনিসেফের সঙ্গে অংশীদারিত্বও রেখেছে দীর্ঘদিন।



