রোনালদোর ডাকে সাড়া, আল-নাসরে যাচ্ছেন হুয়াও ফেলিক্স
ইউরোপীয় ফুটবল থেকে মধ্যপ্রাচ্যে তারকাদের পাড়ি দেওয়ার ধারা অব্যাহত। এবার সৌদি আরবের ক্লাব আল-নাসর-এ যোগ দিচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড হুয়াও ফেলিক্স।
সৌদি প্রো লিগের দলটি ইতোমধ্যেই ২৬ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ট্রান্সফার ফি দিয়ে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে নিচ্ছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতো।
ফেলিক্সের ক্লাব পরিবর্তনে বড় ভূমিকা রেখেছেন আল-নাসরের আরেক তারকা ও পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুট মারকাতোর বরাতে জানা গেছে, প্রাথমিকভাবে সৌদি লিগে যেতে কিছুটা দ্বিধায় ছিলেন ফেলিক্স। তবে রোনালদো তাকে বোঝান, দুজন একসঙ্গে খেললে ২০২৬ বিশ্বকাপের আগে জাতীয় দলে পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত হবে।
সূত্রটি জানিয়েছে, জাতীয় দলের কোচ রবের্তো মার্টিনেজের দল নির্বাচনেও ফেলিক্স-রোনালদোর একসঙ্গে খেলার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চুক্তির শর্ত
-
চুক্তির মেয়াদ: ২ বছর
-
বেতন: বছরে ১০ মিলিয়ন ইউরো
-
প্রাক-মৌসুম ক্যাম্প: আগামী সপ্তাহে অস্ট্রিয়ায় যোগ দেবেন ফেলিক্স
২০১৯ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন ফেলিক্স। ২০২৪ সালে ধারে ইংলিশ ক্লাব চেলসি ও পরে ইতালিয়ান ক্লাব এসি মিলানে খেলেন। তবে কোথাও নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি এই তরুণ তারকা।
হুয়াও ফেলিক্সের আগমন সৌদি প্রো লিগের তারকা মিছিলে নতুন সংযোজন। এর আগে করিম বেনজেমা, নেইমার, এনগোলো কান্তে, এবং সাদিও মানে-রাও ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন।


