নবিজির উত্তরসূরি: ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.)

ধর্ম
নবিজির উত্তরসূরি: ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.)
নিউজ ডেস্ক
২৮ জুলাই ২০২৫

ইসলামের ইতিহাসে সবচেয়ে সম্মানিত সাহাবিদের একজন হযরত আবু বকর সিদ্দিক (রা.)। তিনি ছিলেন মহানবী মুহাম্মদ (সা.)-এর ঘনিষ্ঠ সহচর, প্রথম পূর্ণবয়স্ক ইসলাম গ্রহণকারী এবং ইসলামের প্রথম খলিফা।

মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণকারী আবু বকর (রা.) ইসলামের সূচনালগ্ন থেকেই নবিজির (সা.) পাশে ছিলেন। ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে তিনি যেমন নিরলস পরিশ্রম করেছেন, তেমনি নিজের অর্থ-সম্পদও অকাতরে ব্যয় করেছেন। তার মাধ্যমেই অনেক সাহাবি ইসলামের পথে ফিরে এসেছেন।

নবিজির (সা.) ইন্তেকালের কিছুদিন আগে তিনি অসুস্থ অবস্থায় নামাজে ইমামতির দায়িত্ব আবু বকরকে (রা.) দেন। এই সিদ্ধান্তই পরবর্তীতে সাহাবিদের কাছে খিলাফতের দিকনির্দেশনা হিসেবে প্রতীয়মান হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নবিজি (সা.)-এর ইন্তেকালের পর সাহাবিরা আলোচনার মাধ্যমে আবু বকর (রা.)-কে সর্বসম্মতিক্রমে মুসলমানদের প্রথম খলিফা হিসেবে মনোনয়ন দেন। তখনকার ইতিহাসে এটি ছিল এক ঐক্যের বিরল দৃষ্টান্ত।

খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম ভাষণেই তিনি বলেন, “আমি আপনাদের মধ্যে সেরা নই, তবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যদি সঠিক পথে থাকি, তবে আমাকে সহযোগিতা করুন। আর ভুল করলে সংশোধন করে দিন।”

হিজরতের সময় সাওর গুহায় নবিজির (সা.) সঙ্গী হওয়া, ইসলাম প্রচারে ভূমিকা, সাহাবিদের সম্মতি এবং ইমামতির দায়িত্ব—সব মিলিয়ে আবু বকর (রা.)-এর খিলাফত গ্রহণ ছিল মুসলিম উম্মাহর জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত।

তাঁর সংযম, প্রজ্ঞা ও নেতৃত্ব আজও মুসলিম বিশ্বে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত।