২০২৬ বিশ্বকাপের ড্র হতে যাচ্ছে লাস ভেগাসে, চূড়ান্ত হতে পারে ৫ ডিসেম্বরেই

খেলাধুলা
২০২৬ বিশ্বকাপের ড্র হতে যাচ্ছে লাস ভেগাসে, চূড়ান্ত হতে পারে ৫ ডিসেম্বরেই
নিউজ ডেস্ক
৩০ জুলাই ২০২৫

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে, আগামী ৫ ডিসেম্বর—এমনটাই ইঙ্গিত মিলেছে ফুটবল সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে। ইতিমধ্যেই আয়োজক দেশগুলো চূড়ান্ত প্রস্তুতির পথে হাঁটছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এই আসর। তবে ড্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই। ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, ভেন্যু নির্ধারণে কানাডা ও মেক্সিকোর নাম থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েছে তাদের শহরগুলো।

পাচুকা ক্লাবের নির্বাহী পেদ্রো সেদিলো ইএসপিএনকে বলেন,
“আমার জানামতে, ডিসেম্বরের ৫ তারিখেই ড্র হবে। সম্ভবত লাস ভেগাসেই। আমাদের সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে, যাতে হিদালগো রাজ্য এবং পাচুকা শহরকে তুলে ধরতে পারি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র-ও হয়েছিল লাস ভেগাসে। তবে এবার ড্রয়ের ভেন্যু নিয়ে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছে। লাস ভেগাস কনভেনশন সেন্টার—যেখানে ৫৪,০০০ বর্গমিটার স্ক্রিন এবং ১৭,৫০০ দর্শকের ধারণক্ষমতা রয়েছে—তা ইতোমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানের জন্য বুক হয়ে গেছে বলে জানা গেছে।

ফিফার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ড্রয়ের তারিখ ও ভেন্যু ঘোষণা করা হয়নি। তবে অভ্যন্তরীণ সূত্র বলছে, লাস ভেগাসই প্রায় নিশ্চিত এবং ৫ ডিসেম্বরই সম্ভাব্য তারিখ।

২০২৬ সালের আসর হবে এক নতুন রূপে—প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে বিশ্বকাপে। এর ফলে টুর্নামেন্টের পরিধি ও গুরুত্ব যেমন বেড়েছে, তেমনি ড্রয়ের গুরুত্বও বহুগুণে বাড়ছে।

ক্রীড়ামোদীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোন দল কোন গ্রুপে পড়বে, কোথায় তাদের ম্যাচ—সেই উত্তেজনা নিয়েই তাকিয়ে আছেন ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ড্রয়ের দিকে।