বাংলাদেশ নারী ফুটবল দলের কোচিং স্টাফ আরো শক্তিশালী করার পরিকল্পনা
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবল দলের কোচিং স্টাফকে আরও উন্নত করার উদ্যোগ নিয়েছে। ইংল্যান্ডের পিটার বাটলারের নেতৃত্বে নতুন তিনজন বিদেশি কোচ যুক্ত হবেন, যাতে দলের প্রস্তুতি আরো ব্যাপক ও পেশাদার হয়। এই নতুন কোচিং স্টাফে থাকবেন একজন গোলরক্ষক কোচ, একজন নারী সহকারী কোচ এবং একজন ফিজিক্যাল ফিটনেস ট্রেনার।
নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘বর্তমান কোচদের কেউ বাদ পড়বে না, বরং তাঁদের সঙ্গে নতুন তিনজন বিদেশি কোচ যোগ করা হবে। এর জন্য আমরা সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনা করেছি এবং ইতোমধ্যে একজন ট্রেনারের বায়োডাটা সভাপতির কাছে পাঠানো হয়েছে।’
আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপের জন্য দলের সর্বোচ্চ প্রস্তুতি নিতে বাফুফে দেশের বাইরে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। কিরণ জানিয়েছেন, ‘আমরা দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তাদের টিম ইউরোপে থাকার কারণে সেখানকার ম্যাচ হয়নি। এখন আমরা জাপান ও স্পেনের সঙ্গেও আলোচনা শুরু করেছি।’
জাতীয় নারী ফুটবল দলের অনুশীলন সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ছয় মাস ধরে চলবে। কোচ পিটার বাটলার সৌদি আরবে ক্যাম্প করার ইচ্ছাও প্রকাশ করেছেন।
কিরণ বলেন, ‘আমাদের পরিকল্পনায় অন্তত ছয়টি প্রস্তুতি ম্যাচ রয়েছে। দলকে অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কয়েকদিন আগে দলের একটি অংশও পাঠানো হবে।’
এশিয়ান কাপের গ্রুপিং নিয়েও কিরণ সন্তুষ্ট, তিনি বলেন, ‘যে কোনো কঠিন গ্রুপেই পড়তো, বাংলাদেশ দলের জন্য এটি অভিজ্ঞতা বৃদ্ধির সুযোগ। আমরা উজবেকিস্তানের বিপক্ষে শক্তিশালী প্রস্তুতির মাধ্যমে খেলার জন্য অস্ট্রেলিয়া যাব।’


