বিভাজন না করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা
বিভাজন না করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে : শিক্ষা উপদেষ্টা
নিউজ ডেস্ক
৩১ জুলাই ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, “বিগত ফ্যাসিস্ট শাসন আমাদের যে দাসত্বের সংস্কৃতিতে বন্দি করেছিল, তা থেকে আমরা মুক্ত হয়েছি। এখন সময় ঐক্যবদ্ধভাবে জাতি গঠনের।”

বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. আবরার বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় প্রভাব থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা ও স্বকীয়তা প্রকাশের জায়গা করে দিতে হবে। নতুন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করবে তোমরাই। শিক্ষা হবে সহনশীলতা, সহমর্মিতা ও বিবেকবান নেতৃত্ব তৈরির হাতিয়ার।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি উল্লেখ করেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানকে “জাতির পুনর্জন্ম” আখ্যা দিয়ে বলেন, “গত ১৭ বছর আমরা এক ফ্যাসিস্ট শাসকের অধীনে নাগরিকত্বের অধিকার হারিয়েছিলাম। আজ আমরা নতুন আশার পথে হাঁটছি, যেখানে গুম, খুন, বিচারহীনতা আর থাকবে না।”

শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “গবেষণা ও গ্লোবাল নলেজ বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক লাইব্রেরি এবং গবেষণাকেন্দ্র স্থাপন করা হচ্ছে। ছাত্রদের সহশিক্ষা ও পিছিয়ে পড়াদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকৃবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহী। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. কাওছার হোসেন, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ ও রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. আসাদ-উদ-দৌলা।