বিসিবি নির্বাচনে বুলবুলের সম্ভাবনা, কিন্তু পূর্ণ মেয়াদ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে

খেলাধুলা
বিসিবি নির্বাচনে বুলবুলের সম্ভাবনা, কিন্তু পূর্ণ মেয়াদ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে
নিউজ ডেস্ক
৩ আগস্ট ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম পরিচিত মুখ আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ছিলেন যথেষ্ট সংযত—মুখে কখনো উচ্চারণ করেননি, “আমি নির্বাচিত সভাপতি হতে চাই।” কিন্তু সময়ের পরিক্রমায় তার নামটাই এখন সামনে চলে এসেছে সম্ভাব্য স্থায়ী সভাপতির তালিকায় শীর্ষে।

তবে, বিসিবির নেতৃত্ব নিয়ে জোর আলোচনা থাকলেও, এই দায়িত্ব বুলবুল কতদিন ধরে রাখতে পারবেন—তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় অক্টোবর। নির্বাচন যদি এই সময়েই হয়, তাহলে বর্তমান সরকারের সমর্থনপুষ্ট হিসেবে বুলবুল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বোর্ড পরিচালকদের ভোটে জয়ী হলেই তার সভাপতি হওয়া সুনিশ্চিত হবে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, জাতীয় ক্রীড়া পরিষদের দৃষ্টিতে বিসিবির নেতৃত্বে সরকারের ‘প্রথম পছন্দ’ এখন বুলবুলই। কারণ, কিছুদিন আগেই বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। এনএসসি চাইছে নির্বাচনের আগে পর্যন্ত একজন ‘স্থির, অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানসম্পন্ন’ ব্যক্তি এই দায়িত্ব পালন করুন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে, নির্বাচন পরবর্তী সময়ে যে রাজনৈতিক সরকার গঠন হবে, তারা কি বুলবুলকেই নেতৃত্বে রাখবেন—এটাই এখন মূল প্রশ্ন।

বোর্ড পরিচালকদের অনেকেই স্বীকার করছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এ দীর্ঘ সময় কাজ করা বুলবুলের পেশাদারিত্ব ক্রিকেট প্রশাসনে মূল্যবান অবদান রাখতে পারে। বিশেষ করে, অবকাঠামোগত উন্নয়ন, ক্রিকেট ব্যবস্থাপনা ও ভবিষ্যত পরিকল্পনায় তার অবদান অনস্বীকার্য।

তবে অনেক সংগঠক মনে করছেন, বুলবুলকে বোর্ড সভাপতি হিসেবে নয়, বরং টেকনিক্যাল অ্যাডভাইজার বা বিশেষ পরামর্শক হিসেবে রাখতে পারলেই বেশি কার্যকর হবে।

তবে, বুলবুল যদি অক্টোবরে নির্বাচিতও হন, প্রশ্ন থেকে যায়—তিনি কি আগামী জাতীয় নির্বাচনের পরও সভাপতি থাকতে পারবেন? ইতিহাস বলছে, রাজনৈতিক সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিসিবির নেতৃত্বেও পরিবর্তন আসে। স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকার তাদের নিজস্ব ঘনিষ্ঠ কাউকে বিসিবির শীর্ষপদে বসিয়েছেন।

এমন বাস্তবতায় নির্বাচনের আগেই দায়িত্ব পাওয়া সভাপতির পূর্ণ মেয়াদে থাকার নজির কম।

বর্তমানে বুলবুল রয়েছেন অস্ট্রেলিয়ায়, পরিবার নিয়ে। ১৭ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে। বিসিবির আসন্ন নির্বাচন, নিজের ভবিষ্যত পরিকল্পনা—এসব নিয়ে এখনো তিনি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে বোর্ডের অভ্যন্তরে তার সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনা তুঙ্গে।

বোর্ডের একাধিক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “বুলবুল পেশাদার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সভাপতি হিসেবে সবাই তাকে কতটা মেনে নেবেন, সেটাই দেখার বিষয়।”

অক্টোবরের নির্বাচন এবং তৎপরবর্তী জাতীয় রাজনীতির গতিপথই নির্ধারণ করবে আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি নেতৃত্বের স্থায়িত্ব। আপাতত, ক্রিকেট-সংশ্লিষ্ট মহলে তিনি আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।