মেসির সঙ্গেই অবসরের স্বপ্ন সুয়ারেজের, জানালেন ইচ্ছের কথা

খেলাধুলা
মেসির সঙ্গেই অবসরের স্বপ্ন সুয়ারেজের, জানালেন ইচ্ছের কথা
নিউজ ডেস্ক
২০ আগস্ট ২০২৫

লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব, বার্সেলোনা থেকে ইন্টার মিয়ামি—দুজনের পথচলার অনেকটা অংশই একসঙ্গে কেটেছে। এবার সেই পথচলার শেষটাও একসঙ্গে করতে চান উরুগুয়ের কিংবদন্তি ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।

এক সাক্ষাৎকারে সুয়ারেজ জানান, তিনি চান মেসির সঙ্গে একসঙ্গে ফুটবলকে বিদায় জানাতে। তবে পাশাপাশি বাস্তবতাও মাথায় রাখছেন এই স্ট্রাইকার। তার মতে, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দুজনের শারীরিক অবস্থা ও ব্যক্তিগত অবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুয়ারেজ বলেন,
“আমরা এখন এমন একটা বয়সে পৌঁছেছি, যেখানে সিদ্ধান্ত নিতে হয় ভেবেচিন্তে। আমি এখনই কিছু বলছি না, তবে বহু বছর ধরেই আমাদের মধ্যে এটা নিয়ে কথা হয়—একসঙ্গে অবসর নেওয়ার। আমি তা চাই, কিন্তু সেটা নির্ভর করছে আমাদের চুক্তির নবায়ন ও ব্যক্তিগত পরিস্থিতির ওপর। সময়ই বলবে শেষ পর্যন্ত কী হয়।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বর্তমানে ইন্টার মিয়ামির হয়ে খেলছেন দুই বন্ধু। তাদের চুক্তি শেষ হবে ২০২৫ সালের এমএলএস মৌসুম শেষে। ক্লাব সূত্র জানিয়েছে, মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা চলছে এবং দুই পক্ষই ইতিবাচক মনোভাব পোষণ করছে।

এদিকে, লিগস কাপের কোয়ার্টার ফাইনালে ইন্টার মিয়ামি মুখোমুখি হবে টিগ্রেস ইউএএনএল-এর। ম্যাচটির আগে কোচ হাভিয়ের মাসচেরানো নিশ্চিত করেছেন যে, মেসি ইনজুরিতে থাকলেও স্কোয়াডে রয়েছেন, যদিও আলাদা করে অনুশীলন করছেন তিনি।

গত শনিবার এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি, করেন একটি গোল ও একটি অ্যাসিস্ট। তবে ম্যাচ শেষে কোচ জানান, মেসি পুরোপুরি ফিট ছিলেন না এবং কিছুটা অস্বস্তি নিয়েই খেলেছেন।

বন্ধুত্বের গল্প থেকে অবসরের সম্ভাবনা—মেসি ও সুয়ারেজের সম্পর্ক ফুটবল জগতের অন্যতম সেরা অধ্যায় হয়ে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।