আবারও ফিফার নিষেধাজ্ঞার মুখে ভারত, সময়সীমা ৩০ অক্টোবর
তিন বছরের ব্যবধানে ফের নিষেধাজ্ঞার শঙ্কায় ভারতীয় ফুটবল। সংবিধান সংশোধনে ব্যর্থতার কারণে ফিফা (FIFA) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) কড়া বার্তা পাঠিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-কে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে কাজ সম্পন্ন না হলে আন্তর্জাতিক ফুটবল থেকে আবারও নির্বাসনের মুখোমুখি হতে পারে ভারত।
মঙ্গলবার AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবের কাছে পাঠানো যৌথ চিঠিতে ফিফা ও এএফসি জানায়, ২০১৭ সাল থেকে শুরু হওয়া সংবিধান সংশোধনের কাজ এখনও অসম্পূর্ণ। ফলে ভারতের ফুটবল কাঠামো ও পরিচালনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, “ফিফা ও এএফসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধান সংশোধন করতে হবে এবং ভারতীয় সুপ্রিম কোর্ট থেকে তা অনুমোদন নিতে হবে।”
চিঠিতে আরও উল্লেখ রয়েছে, AIFF-কে অবশ্যই সরকার বা কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে কাজ চালাতে হবে। সংবিধান সংশোধনের বিষয়টি দ্রুত AIFF-এর সাধারণ সভায় উপস্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
এর আগে ২০২২ সালের ১৬ আগস্ট, একই ধরনের কারণে ফিফার নিষেধাজ্ঞায় পড়েছিল ভারত। সেবার মূল সমস্যা ছিল তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তড়িঘড়ি নির্বাচন করে একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়, যার ফলেই কল্যাণ চৌবে AIFF-এর সভাপতির দায়িত্ব নেন।
তখনই জানানো হয়েছিল, সম্পূর্ণ সংবিধান সংশোধন করে নতুনভাবে নির্বাচন আয়োজন করা হবে। সেই প্রক্রিয়া এখনও ঝুলে রয়েছে এবং মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। শিগগিরই রায় ঘোষণা হতে পারে।
ফিফার আরোপিত নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে, শুধু আন্তর্জাতিক ম্যাচেই নয়, ভারত AFC ও FIFA-এর সদস্যপদ হারানোর ঝুঁকিতেও পড়বে। এর ফলে দেশটির ঘরোয়া ফুটবল, ক্লাব প্রতিযোগিতা এবং যুব ফুটবলের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে।


