আজই সিরিজ নিশ্চিত করতে পারবে বাংলাদেশ?

খেলাধুলা
আজই সিরিজ নিশ্চিত করতে পারবে বাংলাদেশ?
নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫

প্রত্যাশা পূরণ করেই সিরিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) দারুণ পারফর্ম করে টাইগাররা দেখিয়ে দিয়েছে, এশিয়া কাপের আগে তাদের প্রস্তুতি ঠিক পথেই এগোচ্ছে। বিশেষ করে তাসকিন আহমেদ এবং লিটন দাসের অভিজ্ঞতা কাজে লেগেছে বড় জয় তুলে নিতে।

বোলিংয়ে নেতৃত্ব দেন পেসার তাসকিন আহমেদ। মাত্র ২২ রান খরচায় তুলে নেন ৪ উইকেট, যার ফলে নির্ধারিত ২০ ওভারেই ১৩৬ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

জবাবে ব্যাটিংয়ে শুরু থেকে নিয়ন্ত্রিত পারফরম্যান্স দেখায় টাইগাররা। ইনিংসের গোড়াপত্তন করেন লিটন দাস। শুরু থেকে সাবলীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত অপরাজিত ৫৪ রানে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সাইফ হাসান অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে আলোচনায় উঠে এসেছেন। বোলিংয়ে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৯ বলে অপরাজিত ৩৬ রান করেন তিনি। মিডল অর্ডারে তার এমন ব্যাটিং দলকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস।

সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচের জয় ধরে রাখতে পারলে আজই সিরিজ নিশ্চিত করতে পারবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এশিয়া কাপ সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতি ম্যাচ হিসেবেই দেখছে দল। দলের সঙ্গে যোগ দেওয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ‘প্রো ভ্যালোসিটি ব্যাট’ ব্যবহারে ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে দেখা যাচ্ছে আক্রমণাত্মক মনোভাব। যার বাস্তব প্রয়োগ দেখা গেছে প্রথম ম্যাচেই।

ম্যাচের আগের দিন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
“আমাদের আবেগ অনেক সময় থাকে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আবেগ ধরে রাখার সময় জানতে হয়। আগের ম্যাচ জিতেছি বলে এবার নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিদিন উন্নতির চেষ্টা করছি। এখানে পরীক্ষার জায়গা নেই, জেতার জন্য যেটা দরকার সেটাই করব।”

রোববার একাদশের বাইরে থাকা চারজন ক্রিকেটারকে নিয়ে বিশেষ অনুশীলন করেছেন কোচরা। তবে তাদের কেউ দ্বিতীয় ম্যাচে খেলবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি কোচ সালাউদ্দিন।