একটি ডিমের জন্য এক মাস বন্ধ খেলাধুলা! প্লোভার পাখির জন্য মাঠ ছাড়ল অস্ট্রেলিয়া

খেলাধুলা
একটি ডিমের জন্য এক মাস বন্ধ খেলাধুলা! প্লোভার পাখির জন্য মাঠ ছাড়ল অস্ট্রেলিয়া
নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫

খেলার মাঠে সাধারণত গোল, কর্নার কিংবা অফসাইড নিয়ে আলোচনাই চলে। তবে এবার আলোচনার কেন্দ্রে একটি ছোট্ট পাখি! অস্ট্রেলিয়ার জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে একটি ফুটবল ম্যাচ বাতিল হয়েছে পাখির ডিমের কারণে। শুধু বাতিলই নয়, ডিম ফোটা পর্যন্ত পুরো মাঠই বন্ধ রাখা হবে — অন্তত ২৮ দিন!

জানা গেছে, সংরক্ষিত প্রজাতির ‘প্লোভার’ পাখিটি মাঠের একেবারে মাঝখানে বসে ডিম পেড়েছে। খেলা চলাকালীন ডিম ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকির কথা মাথায় রেখে স্থানীয় কর্তৃপক্ষ তৎক্ষণাত মাঠে সব ধরনের খেলাধুলা বন্ধ ঘোষণা করে।

কাউন্সিলের একজন মুখপাত্র জানিয়েছেন, “আমরা একটি জীবন্ত বাস্তুতন্ত্রের মধ্যে কাজ করি। প্লোভার পাখিটি আইনত সুরক্ষিত। আমরা বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ার-এর পরামর্শে কাজ করছি এবং ডিম ফুটে বাচ্চা জন্ম নেওয়া পর্যন্ত মাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত সপ্তাহে এক দল খেলোয়াড় যখন ফুটবল খেলতে মাঠে আসেন, তখনই তারা আবিষ্কার করেন, মাঠের কেন্দ্রবিন্দুতে একটি পাখি বসে আছে ডিমের উপর। সঙ্গে সঙ্গেই ম্যাচ সরিয়ে নেওয়া হয় পাশের মাঠে।

একজন স্থানীয় ফুটবল কোচ জানান, “আমরা প্রথমে ভেবেছিলাম কেউ বুঝি ডিম রেখে গেছে মজা করার জন্য। পরে বুঝলাম এটা বেশ গম্ভীর পরিবেশগত বিষয়।”

প্রকৃতিতে সাধারণত শান্ত স্বভাবের হলেও বাচ্চা ফোটার সময় প্লোভার পাখি রীতিমতো আক্রমণাত্মক হয়ে ওঠে। ডিম বা বাচ্চার আশেপাশে কেউ এলে তারা ডানা ঝাপটানো, চিৎকার এবং কখনো কখনো শরীর দিয়ে ঠেলা দেওয়ার মতো আচরণ করে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, পাখির এ ধরনের আচরণ আসলে ছানাদের সুরক্ষার জন্য স্বাভাবিক প্রতিরক্ষা পদ্ধতি।