পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বিস্ফোরণ, নিহত ১
পাকিস্তানের উত্তরের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলার একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ রক্তাক্ত হামলার শিকার হয়েছে। শনিবার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ চলাকালে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে এখন পর্যন্ত কমপক্ষে একজন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বাজৌর পুলিশের কর্মকর্তা ওয়াকাস রফিক পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন-কে নিশ্চিত করে বলেন, “বিস্ফোরণটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) ব্যবহার করে ঘটানো হয়েছে এবং এটি টার্গেটেড অ্যাটাক বলে আমাদের প্রাথমিক ধারণা।”
আহতদের মধ্যে শিশু রয়েছে বলেও জানান তিনি। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
খেলা চলাকালে আচমকা বিস্ফোরণে পুরো মাঠ কেঁপে ওঠে। উপস্থিত দর্শক ও খেলোয়াড়রা আতঙ্কে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন।
এক পুলিশ মুখপাত্র পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-কে বলেন, “বিস্ফোরণের পর মুহূর্তেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক।”
পাকিস্তানে এর আগেও গণসমাবেশ, মাদ্রাসা ও ক্রীড়া ইভেন্টে এমন হামলার ঘটনা ঘটেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনায় দেশটির জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতা আবারও স্পষ্ট হলো।
এই হামলা শুধু একটি প্রাণ কেড়ে নেয়নি, বরং খেলার মাঠের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। ক্রীড়া ইভেন্টে এমন হামলা কেবল মানবিক বিপর্যয় নয়, সামাজিক অস্থিরতাও ডেকে আনতে পারে।


