ডাকসুতে সাদিক-ফরহাদের নামে আগেই ভোট দেওয়ার অভিযোগ

শিক্ষা
ডাকসুতে সাদিক-ফরহাদের নামে আগেই ভোট দেওয়ার অভিযোগ
নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালট পেপার নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। টিএসসি কেন্দ্রে ভোট প্রদান করতে আসা এক নারী শিক্ষার্থী ব্যালট হাতে পেয়ে দেখতে পান, তাতে ভিপি পদে শিবির-সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদের নামের পাশে আগে থেকেই ‘ক্রস’ দেওয়া রয়েছে।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বলেন, “আমার হাতে যে ব্যালটটি দেওয়া হয়েছিল, সেটিতে আগে থেকেই দুটি প্রার্থীর পাশে ভোট দেওয়া ছিল। সঙ্গে সঙ্গে আমি বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাই। পরে তারা আমাকে নতুন ব্যালট দেন।”

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো ক্যাম্পাসে বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। ভোটের নিরপেক্ষতা ও নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিউল হাসান বলেন, “নানা কেন্দ্রে নানা রকম ঘটনা ঘটছে। প্রশ্ন হলো, শিবির সমর্থিত প্রার্থী কেন এ ধরনের সুবিধা পাবে? এতে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।”

এ বিষয়ে টিএসসি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।

বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা হুমকির মুখে পড়ছে। তারা মনে করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করা এবং নির্বাচন প্রক্রিয়ার প্রতি সকল শিক্ষার্থীর আস্থা ফিরিয়ে আনা।

এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।