সাকিবের ঝড়ো ইনিংসেও হার এড়াতে পারলো না অ্যান্টিগা, এলিমিনেটরে বিদায় নিল অ্যান্টিগা
শেষদিকে ব্যাট হাতে ঝড় তুলেও দলকে বাঁচাতে পারলেন না সাকিব আল হাসান। ৯ বলে ২৬ রানের বিদ্যুৎ গতির ইনিংস খেলেও এলিমিনেটর রাউন্ডে ট্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৯ উইকেটে হেরে বিদায় নিতে হলো তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সকে।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান তোলে ফ্যালকন্স। জবাবে ব্যাট হাতে ঝড় তোলেন নিকোলাস পুরান ও অ্যালেক্স হেলস — যাদের অপরাজিত 137 রানের জুটিতে ১৭.৩ ওভারেই ম্যাচ শেষ করে দেয় ট্রিনবাগো নাইট রাইডার্স।
শেষের দিকে মাত্র ৯ বল খেলার সুযোগ পান সাকিব। তার মধ্যে তিনি হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা, অপরাজিত থাকেন ২৬ রানে। তার এই ক্যামিও ইনিংসে দলের রান কিছুটা চাঙা হলেও ম্যাচে প্রতিযোগিতা ফেরাতে পারেনি।
এর আগে ফ্যালকন্সের দুই টপ-অর্ডার ব্যাটার আন্দ্রিজ গউস (৬১) ও আমির জাঙ্গু (৫৫) দলকে ভরসা দিলেও, বাকি ব্যাটাররা ছিলেন নিষ্প্রভ।
এই জয়ের ফলে ট্রিনবাগো নাইট রাইডার্স উঠে গেছে কোয়ালিফায়ার-২ এ, যেখানে তাদের প্রতিপক্ষ হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স অথবা সেন্ট লুসিয়া কিংস। আর একটি জয় পেলে তারা চলে যাবে সিপিএল ২০২৫-এর ফাইনালে, যেখানে লক্ষ্য থাকবে রেকর্ড পঞ্চম শিরোপা।


