বিসিবি নির্বাচন পিছিয়ে ৬ অক্টোবর, চূড়ান্ত হলো নতুন তফসিল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের দিনপঞ্জিতে পরিবর্তন এসেছে। ৪ অক্টোবর হওয়ার কথা থাকলেও নির্বাচন পিছিয়ে ৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এর আগে দুই দফা পিছিয়েছে কাউন্সিলরশিপ চূড়ান্ত করার সময়সীমাও।
সূত্র মতে, নির্বাচন পরিচালনা কমিটি বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক জটিলতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন পেছানোর সিদ্ধান্তের ফলে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন সংক্রান্ত কার্যক্রমগুলো নতুন করে নির্ধারিত হয়েছে।
প্রথমে ১৭ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত করার কথা থাকলেও তা দুই দফায় পিছিয়ে শেষ পর্যন্ত ২২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। পর্যাপ্ত সময় না পাওয়ায় সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচনের দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেয় নির্বাচন পরিচালনা কমিটি।
একনজরে বিসিবি নির্বাচনের তফসিল
খসড়া ভোটার তালিকা প্রকাশ: ২২ সেপ্টেম্বর,
খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ: ২৩ সেপ্টেম্বর,
আপত্তির ওপর শুনানি: ২৪ সেপ্টেম্বর,
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২৫ সেপ্টেম্বর,
মনোনয়নপত্র বিতরণ: ২৬ সেপ্টেম্বর,
মনোনয়নপত্র দাখিল: ২৮ সেপ্টেম্বর,
মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ: ২৯ সেপ্টেম্বর,
আপিল গ্রহণ ও শুনানি: ৩০ সেপ্টেম্বর,
মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ১ অক্টোবর,
পোস্টাল ই-ব্যালট বিসিবির ওয়েবসাইটে আপলোড (প্রযোজ্য ক্ষেত্রে): ১ অক্টোবর,
পোস্টাল ই-ব্যালট গ্রহণ: ৬ অক্টোবর,
নির্বাচন ও ফল প্রকাশ: ৬ অক্টোবর ।
নির্বাচনের মাধ্যমে গঠিত হবে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ। যারা আগামী কয়েক বছর দেশের ক্রিকেট পরিচালনার দায়িত্বে থাকবেন। জাতীয় দলের পারফরম্যান্স, ঘরোয়া ক্রিকেট কাঠামো, তরুণদের উন্নয়ন এবং ফ্র্যাঞ্চাইজি লিগ পরিচালনা নিয়ে বড় দায়িত্ব থাকছে নতুন বোর্ডের কাঁধে।


