বিপিএল থেকে সরে দাঁড়াচ্ছে ফরচুন বরিশাল? শঙ্কা নতুন আসর ঘিরে

খেলাধুলা
বিপিএল থেকে সরে দাঁড়াচ্ছে ফরচুন বরিশাল? শঙ্কা নতুন আসর ঘিরে
নিউজ ডেস্ক
৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর আয়োজন নিয়ে জোরালো অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন এক সময়েই টানা দুইবারের শিরোপাজয়ী ফরচুন বরিশাল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, বিসিবির সাম্প্রতিক নির্বাচনে ভোটাধিকার হারানো এবং ক্রিকেট রাজনীতিতে প্রভাব হারানোর কারণেই এমন সিদ্ধান্তের পথে হাঁটছেন তারা।

তিনি বলেন, “ওনারা (নতুন বোর্ড) আদৌ বিপিএল আয়োজন করতে পারবেন কি না, সেটাই প্রশ্ন। নতুন কমিটিতে কারা আছে, যাদের নেতৃত্বে এমন বড় টুর্নামেন্ট সফলভাবে আয়োজন সম্ভব? কারও নাম বলতে পারেন?”

নির্বাচন শেষে এখনো নতুন বোর্ড গঠিত হয়নি। ফলে সময়মতো বিপিএল আয়োজন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে বরিশাল ফ্র্যাঞ্চাইজি তাদের বিদেশি ক্রিকেটারদের সঙ্গে করা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মিজানুর রহমান আরও জানান, “যেসব খেলোয়াড়দের সাইন করানো হয়েছিল, তাদের সবার চুক্তি বাতিল করতে হচ্ছে। ডিসেম্বরে বিপিএল আয়োজন এখন প্রায় অসম্ভব।”

এমন সিদ্ধান্তে ভেস্তে যেতে পারে বরিশালের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন। বিশেষ করে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় তামিম ইকবালের ভবিষ্যৎও এখন অনিশ্চিত, কারণ বিসিবি নির্বাচনে তিনি মনোনয়ন প্রত্যাহার করলেও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে কোনো আলোচনা হয়নি।

অন্যদিকে, বিসিবির গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম নির্বাচনে অংশ না নেওয়ায় তিনিও নতুন কমিটিতে থাকছেন না। ফলে ফ্র্যাঞ্চাইজি আহ্বান, প্লেয়ার ড্রাফট, ম্যাচসূচি নির্ধারণসহ টুর্নামেন্ট সংক্রান্ত নানা প্রক্রিয়া থমকে আছে।

ফরচুন বরিশালের দাবি, বছরের পর বছর বিনিয়োগ ও সময় দেওয়া সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজিগুলো সম্মান পাচ্ছে না। এতে বিপিএলের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন।