বিতর্কের মুখে ইসফাক বাদ, বিসিবি নতুন পরিচালক রুবাবা দৌলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে মনোনীত এক সদস্যকে নিয়ে বিতর্কের জেরে বদল এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ব্যবসায়ী ইসফাক আহসানকে মনোনয়ন দেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই তাঁর জায়গায় করপোরেট জগতের পরিচিত মুখ ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) এনএসসির পক্ষ থেকে এই নতুন মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। রুবাবা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটান অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো আন্তর্জাতিক টেলিকম প্রতিষ্ঠানে শীর্ষপদে কাজ করেছেন।
২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন রুবাবা দৌলা। এছাড়াও, তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস-এর বোর্ড সদস্য হিসেবেও যুক্ত আছেন দীর্ঘদিন ধরে। বিসিবিতে যোগ দেওয়ার পর নারী ক্রিকেট বিভাগের দায়িত্ব নিতে পারেন বলেও সূত্র জানিয়েছে।
এর আগে এনএসসি বিসিবি পরিচালকের পদে ইসফাক আহসান ও ইয়াসির ফয়সাল আশিককে মনোনয়ন দিয়েছিল। কিন্তু ইসফাকের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হলে রাতারাতি সিদ্ধান্ত পরিবর্তন করে এনএসসি।
এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম জানান,
“সামাজিক ও রাজনৈতিক বিতর্ক এড়িয়ে বিসিবিতে এমন কাউকে দায়িত্ব দিতে চেয়েছি, যিনি খেলাধুলা ও সংগঠনে পরিচ্ছন্ন ভূমিকা রাখতে পারেন।”
ইসফাক আহসানকে মনোনয়ন দেওয়া এবং তা প্রত্যাহারের ঘটনায় বিসিবি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ক্রীড়াঙ্গনে এ ধরনের রাজনৈতিক বিতর্ক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, বোর্ড পরিচালনায় যোগ্যতা নয়, রাজনৈতিক সংযোগই প্রাধান্য পাচ্ছে।


