কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি
প্রখ্যাত শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম-এর প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ। এর আগে তাঁর মরদেহ সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনা হলে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা ফুলেল শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, ইংরেজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সংগীত বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক মনজুরুল ইসলাম। গত ৩ অক্টোবর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
১৯৫১ সালে সিলেটে জন্ম নেওয়া সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক-সহ বহু সম্মাননায় ভূষিত হন।
২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন তিনি। এরপর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে অধ্যাপনায় যুক্ত থাকেন। ২০২৩ সালে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে মনোনীত করা হয়।
অধ্যাপক মনজুরুল ইসলামের মৃত্যুতে দেশের সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


