এক সপ্তাহে গড়ালো শিক্ষকদের আন্দোলন, নতুন কর্মসূচি ঘোষণা

শিক্ষা
এক সপ্তাহে গড়ালো শিক্ষকদের আন্দোলন, নতুন কর্মসূচি ঘোষণা
নিউজ ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে রাজধানীর রাজপথে টানা এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দাবির প্রতি সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর থেকে তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।

এর আগে ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান শুরু করেন আন্দোলনকারীরা। বর্তমানে তারা জাতীয় শহীদ মিনারে অবস্থান করছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের প্রতি ‘রাষ্ট্রের অবহেলা ও অবজ্ঞা’র প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ সকালে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,

“সবাই কালো পতাকা নিয়ে আসুন। দুপুর ১২টায় মিছিলের মাধ্যমে রাষ্ট্রের অবহেলার বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানানো হবে।”

গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মাত্র ৫০০ টাকা বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। শিক্ষকরা এ সিদ্ধান্তকে ‘অসম্মানজনক’ দাবি করে তা প্রত্যাখ্যান করেন এবং বাড়িভাড়া বাস্তবসম্মত হারে বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও শিক্ষা জাতীয়করণের রোডম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন।

১২ অক্টোবর প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করলে ক্ষোভ আরও বিস্তৃত হয়।
এরপর ১৫ অক্টোবর শিক্ষকরা শাহবাগ মোড় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন।
পরবর্তীতে ১৭ অক্টোবর ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করে শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেন শিক্ষকরা।

দেশজুড়ে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। গত ১৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে, ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনেও এর প্রভাব পড়ছে।