অন্য খেলায় কারা মেসির চোখে সেরাদের সেরা
ফুটবলে তিনি নিজেই এক জীবন্ত কিংবদন্তি। আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি, যিনি ভক্তদের চোখে ‘সর্বকালের সেরা’, এবার জানালেন—তার চোখে অন্য খেলাগুলোর GOAT (Greatest of All Time) কারা।
আমেরিকান সংবাদমাধ্যম NBC নাইটলি নিউজে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আর্জেন্টাইন এই তারকা বলেন,
“আমাদের আর্জেন্টাইনদের জন্য ডিয়েগো ম্যারাডোনা ছিলেন সর্বোচ্চ অনুপ্রেরণা, সর্বোচ্চ শ্রদ্ধার প্রতীক। আমি ছোটবেলায় তাঁকে সরাসরি খেলতে দেখেছি—ডিয়েগো সবকিছুর ঊর্ধ্বে ছিলেন।”
২০২২ সালের বিশ্বকাপ জয়ের পরও ম্যারাডোনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা মেসির কণ্ঠে স্পষ্ট ছিল। তিনি বলেন,
“আমি চেয়েছিলাম, ডিয়েগো যেন এই কাপটা আমাকে দেন। অন্তত এই সাফল্যটা যেন তাঁর চোখে দেখতেন। কিন্তু আমি জানি, ওপর থেকে তিনি আমাদের সঙ্গে ছিলেন।”
ফুটবল ছাড়াও অন্য খেলায় যাদের মেসি অনুপ্রেরণা হিসেবে দেখেন, তাদের কথাও খোলামেলাভাবে জানিয়েছেন তিনি।
“বাস্কেটবলে অবশ্যই [মাইকেল] জর্ডান আমার প্রিয়। আর টেনিসে ফেদেরার, নাদাল আর জকোভিচ—এই তিনজন টেনিসকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন,” বলেন ইন্টার মায়ামি তারকা।
মেসির মতে, এই তিন টেনিস কিংবদন্তির দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা খেলাটিকে করেছে আরও “মহিমান্বিত”। একই সঙ্গে তিনি লেব্রন জেমস ও স্টিফেন কারির মতো বাস্কেটবল তারকাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
২০২২ সালে রজার ফেদেরার অবসরের ঘোষণা দিলে মেসি ইনস্টাগ্রামে লিখেছিলেন,
“টেনিস ইতিহাসের এক অনন্য প্রতিভা, যিনি যেকোনো ক্রীড়াবিদের জন্য অনুপ্রেরণা। আমরা তোমাকে কোর্টে দেখতে মিস করব।”
এর কিছুদিন পর মেসি পরিবারকে দেখা যায় মায়ামি ওপেন–এর গ্যালারিতে, যেখানে নোভাক জকোভিচ ফাইনালে ওঠেন। ম্যাচ শেষে জকোভিচ ও মেসি একে অপরকে আলিঙ্গন করেন এবং জার্সি বিনিময় করেন।
জকোভিচ পরে বলেন,
“মেসিকে সামনে থেকে দেখে খেলা সত্যিই দারুণ অভিজ্ঞতা। আমরা দুজনই ১৯৮৭ সালে জন্মেছি—তাঁর উপস্থিতি আমার কাছে সম্মানের।”
বিশ্ব ফুটবলের এই ‘GOAT’ এবার নিজেই জানিয়ে দিলেন—অন্য খেলাগুলোর মহানায়কদের প্রতিও তাঁর শ্রদ্ধা ও অনুপ্রেরণার সীমা নেই।


